ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ রপ্তানি করে চলতি অর্থবছরের ১০ মাসে গত অর্থবছরের তুলনায় তিনশ কোটি টাকা বেশি আয় করেছে বাংলাদেশ।
২০০৯-১০ অর্থবছরে সাত হাজার ৬৪৩ মেট্রিক টন মাছ রপ্তানি করে তিন হাজার ৪০৮ কোটি ৫০ লাখ টাকা আয় হয়। চলতি বছরের ১০ মাসে মাছ রপ্তানি থেকে আয়ের পরিমান তিন হাজার ৭১০ কোটি ৫০ লাখ টাকা ছাড়িয়ে গেছে। এ সময় মাছ রপ্তানি হয়েছে ৭৯ হাজার চারশ ৫৭ মেট্রিক টন।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে রোববার এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, "মে ও জুন মাসে এ আয় আরো তিনশ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।"
মৎস্য অধিদপ্তরের অধীনে 'মিঠাপানির মাছ ও মাছজাতীয় পণ্যের প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ' প্রকল্পের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মিঠাপানির মাছ ও মাছজাতীয় পণ্যের প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ প্রকল্প বাস্তবায়নে বেসরকারি সংস্থা ইনফোফিশ ও মৎস্য অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল আলম খান ও ইনফোফিশের পরিচালক ড. আয়ুব এতে স্বাক্ষর করেন।
ইনফোফিশে'র এশিয়ার পাঁচটি দেশে তিন বছর মেয়াদি এ প্রকল্পে মিঠাপানির মাছ চাষে সহায়তা ও পরামর্শ দেওয়া হবে। এতে প্রাথমিকভাবে পাঙ্গাস ও তেলাপিয়া মাছ চাষ করা হবে। পরবর্তীতে কৈসহ বাণিজ্যিকভাবে লাভজনক মিঠাপানির মাছ চাষেও সহায়তা দেওয়া হবে বলে সংস্থাটির বাণিজ্যিক উন্নয়ন বিভাগের প্রধান ফাতিমা ফেরদৌস জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এশিয়াসহ বিশ্বের একটি গুরুত্বপূর্ণ মাছ উৎপাদনকারি দেশ। মাছ চাষের জন্য আমাদের রয়েছে ৪৫ লাখ ৭৫ হাজার সাতশ ছয় হেক্টর অভ্যন্তরীণ জলাশয়। মাছ চাষের এ উর্বর এলাকা ছাড়াও রয়েছে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত ৪১ হাজার ৪০ বর্গ-নটিক্যাল মাইল নৌ-এলাকা। এখানে মাছে উৎপাদন বাড়িয়ে আমরা জাতীয় অর্থনীতিকে আরো গতিশীল করতে পারি।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়া, বিএফআরআই'র মহাপরিচালক এমজি হোসেন, ইনফোফিশ'র পরিচালক ড. মোহাম্মদ আয়ুব ও বাণিজ্যিক উন্নয়ন বিভাগের প্রধান ফাতিমা ফেরদৌস ও প্রকল্পের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান।
ইনফোফিশ বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে কমন ফান্ড ফর কমোডিটিস (সিএফসি) অর্থায়ন করছে। এফএও'র সার্বিক তত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে মৎস্য অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০৩ ঘ.
bdnews24