ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মো. আনিসুজ্জামানের পর এবার ইয়াসিন আলীও পদত্যাগ করলেন সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য পদ থেকে।
সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইয়াসিন জানান, দুপুরে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তবে পদত্যাগের কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালক।
এসইসির অপর সদস্য মো. আনিসুজ্জামান রোববার পদত্যাগের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সরকারের চাপেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
অবশ্য এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে এই দুজনসহ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির চেয়ারম্যানকেও যে বাদ পড়তে হবে- তা আগেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী।
গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক অস্থিরতার পর কারসাজির অভিযোগে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। পতন ঠেকাতে লেনদেন বন্ধ রাখতে বাধ্য হয় এসইসি। এই অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে যে প্রতিবেদন দেয় তাতে এসইসির চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ে রদবদলের সুপারিশ করা হয়।
৩০ এপ্রিল প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে চেয়ারম্যানসহ দুই সদস্য পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া খালি থাকা আরো দুটি সদস্যপদে নতুন নিয়োগ দেওয়া হবে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার নতুন সদস্য হিসেবে কমিশনে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন নিজামী। আর মো. আনিসুজ্জামান রোববার দুপুরে কমিশনের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
ইয়াসিন আলী এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব তাকে পদত্যাগ করতে বললেও অর্থমন্ত্রী দেশে ফেরার আগে তিনি পদত্যাগ করবেন না। তবে সোমবার দুপুরেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
সরকারি সফর শেষে বুধবার দেশে ফেরার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের।
এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগের সরকারি কোনো ঘোষণা সোমবার পর্যন্ত না আসলেও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চত করেছে, আইপিডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক চাকলাদার মনসুরুল আলমকেই ওই পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
আর সেক্ষেত্রে তিনি এসইসিতে জিয়াউল হক খন্দকারের স্থলাভিষিক্ত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/জেকে/১৮৪৮ ঘ.
bdnews24