২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক দরপতন পুঁজিবাজারে

ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। কমেছে প্রায় সব শেয়ারের দাম। দরপতনের কারণে বিক্ষোভও করেছে বিনিয়োগকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। কমেছে প্রায় সব শেয়ারের দাম। দরপতনের কারণে বিক্ষোভও করেছে বিনিয়োগকারী। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সপ্তাহের প্রথম দিনে দুই ঘণ্টার লেনদেনে সূচক ২০০ পয়েন্ট কমে যাওয়ার পর বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। দিন শেষে সূচক ২৮৭ পয়েন্ট হারিয়েছে ডিএসই। দিন শেষে সূচক দাঁড়িয়েছে ৫৬১১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৪ দশমিক ৮৮ শতাংশ কম। গত বৃহস্পতিবার সূচক কমেছিলো ৫৯ পয়েন্ট। সারাদিনেস মোট ৪৬২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৫৩১ কোটি টাকা। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ১টির। ৩টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দরপতনের পর দুপুর ১টার দিকে মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। ডিএসইর সামনে সমাবেশও করে তারা। 'আমাদের গুলি করুন'- লেখা প্ল্যাকার্ড ছিলো তাদের। বিনিয়োগকারীদের অভিযোগ, দরপতন হলেও তা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিক্ষোভের কারণে ডিএসইর সামনের সড়কের এক পাশে গাড়ি চলাচল কিছু সময় বন্ধ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২০ ঘ.