২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজে স্বচ্ছতা চায় বিশ্বব্যাংক

স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবং দুর্নীতিমুক্তভাবে পদ্মা সেতুর কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনগোজি ওকোনজো ইউয়েলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবং দুর্নীতিমুক্তভাবে পদ্মা সেতুর কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনগোজি ওকোনজো ইউয়েলা। ২৯০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন ওকোনজো। অর্থমন্ত্রী জানান, বৃহস্পতিবার এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক চুক্তি হবে। পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওকোনজো বলেন, "এ কাজে আমরা মূলত তিনটি বিষয় নিশ্চিত করার কথা বলেছি। এগুলো হলো- সেতুটি যেন মানসম্মতভাবে নির্মিত হয়। এর ক্রয় প্রক্রিয়া যেন খোলামেলা হয়। আর বাস্তবায়ন কাজ যেন স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে হয়।" "কারণ এ অর্থ জনগণের। এছাড়া সেতুটি হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে", বলেন তিনি। ২০১৪ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। এ সময়ের মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এ সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব কি না-জানতে চাওয়া হলে ওকোনজো বলেন, প্রক্রিয়াগুলো ধাপে ধাপে শেষ করা হলে এ সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব। বাংলাদেশে ব্যাষ্টিক অর্থনীতির অবস্থা ভালো মনে করলেও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি রোধ করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশকে রেকর্ড পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে বলেও জানান ওকোনজো। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমাদের ইতিহাসে এ বছর সবচেয়ে বেশি অর্থ সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে তারা। পদ্মা সেতুসহ এবছর আমাদের মোট ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে।" অর্থমন্ত্রী বলেন, "পদ্মা সেতুতে অর্থায়ন হবে বিশ্বে বিশ্বব্যাংকের সবচে বড় প্রকল্প।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১১৪০ ঘ.