ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য মবিল যমুনাকে আরো এক সপ্তাহ সময় দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এ নিয়ে দুই দফা সময় বাড়ানো হলেও ডিএসইর আপত্তির কারণে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা এ প্রতিষ্ঠানের তালিকাভুক্তি আটকে রয়েছে।
এসইসির সদস্য মো. ইয়াছিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে কমিশনের সভায় মবিল যমুনাকে তালিকাভুক্তির জন্য আরো এক সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে আবেদন না করায় এমআই সিমেন্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
গত ১০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্ষদ সভায় দ্বিতীয়বারের মতো মবিল যমুনার তালিকাভুক্তির প্রস্তাব নাকচ হয়ে যায়। এরপর প্রতিষ্ঠানটি আবারো এসইসির কাছে সময় বাড়ানোর আবেদন করে। এই পরিপ্রেক্ষিতে কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আবেদনের টাকা নেওয়ার সর্বশেষ তারিখ থেকে ৭৫দিনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হয়। কিন্তু শেয়ারের প্রাথমিক মূল্য কমে গেলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত জটিলতার কারণে প্রতিষ্ঠানটির তালিকাভুক্তি আটকে যায়।
চলতি বছরের জানুয়ারিতে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে ৬০৯ কোটি টাকার তহবিল সংগ্রহ করে মবিল যমুনা।
১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়াম আদায় করে তারা। ফলে তাদের পিই রেশিও (শেয়ার অনুপাতে আয়) দাঁড়ায় ৭০।
একই পদ্ধতিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়াম নিয়ে এমআই সিমেন্ট নামের আরেকটি প্রতিষ্ঠান বাজার থেকে মোট ৩৩৫ কোটি টাকা তুলে নেয়। এতে তাদের পিই রেশিও দাঁড়ায় ৫০।
এ দুটি প্রতিষ্ঠানের 'অতিমূল্যায়িত' শেয়ার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি প্রতিষ্ঠান দুটির আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়।
এরপর শেয়ারের দাম ছয় মাসের মধ্যে ইস্যুমূল্যের চেয়ে কমে গেলে প্রাথমিক বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তে মবিল যমুনাকে তালিকাভুক্তির অনুমতি দেয় এসইসি। কিন্তু ২৪ মার্চ ডিএসই ওই শর্তে প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করার ব্যাপারে আপত্তি জানায়।
এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির সময় ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সে অনুযায়ী বুধবার ছিল মবিল যমুনার তালিকাভুক্তির শেষ দিন। এর মধ্যেও বিষয়টির ফয়সালা না হওয়ায় তালিকাভুক্তির সময় আবারো বাড়ানো হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২০০৬ ঘ.
bdnews24