ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক দরপতনের পরদিনই চাঙাভাব দেখা গেলো ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ শেয়ারের দামও। তবে কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার সাধারণ সূচক প্রায় ৩০০ পয়েন্ট হারায়। মঙ্গলবার লেনদেন শুরুর ৫৩ মিনিটে সূচক কমে আরো ৩৫ পয়েন্ট। কিছু সময় ওঠানামার পর সূচক বাড়তে থাকে।
দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৪২৩ দশমিক ২২, যা দিনের শুরুর চেয়ে ১৬০ পয়েন্ট বা ২ দশমিক ৫৬ শতাংশ বেশি।
সারাদিনে মোট ৭৯২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনের এর পরিমাণ ছিলো ১ হাজার কোটি টাকার বেশি।
লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯টির। ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৪৯ ঘ.
bdnews24