২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী তুরস্ক

চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মেহ্মেত ভাকুর এরকুল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তার দেশের এ আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বাংলাদেশকে তুরস্কের 'অকৃত্রিম বন্ধু' অভিহিত করে দ্বিপাক্ষিক বাণিজ্যসহ আর্থ-সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি উভয় দেশের সম্পর্কোন্নয়নে পারস্পরিক বাণিজ্যিক তথ্য-উপাত্ত ও প্রতিনিধিদল বিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম কৌশলগত অবস্থান, অগ্রাধিকার ভিত্তিক বাজার সুবিধা ও সম্ভাবনাসহ অন্যান্য সুবিধাগুলোর কারণে বাংলাদেশের টেক্সটাইল, স্টিল, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো ও প্রকৌশলখাতে বিনিয়োগে তুরস্কের শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করতে রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুল আলম, তুরস্কের অনারারী কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান, তুরস্ক-বাংলাদেশ চেম্বার সভাপতি ফিকরেট চিচেক, চেম্বার পরিচালক আশিক ভূঁইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৬ ঘ.