ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূচক নির্ধারণের অধিকার কারো নেই- বলেছেন অর্থমন্ত্রী। পুঁজিবাজারের সূচক নিয়ে সরকারদলীয় এক সাংসদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী এ কথা বলেছেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজারের সূচক সাড়ে তিন বা চার হাজার পয়েন্ট পর্যন্ত না নামলে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। কারণ পুঁজিবাজার অন্য বাজারের মতো না। এখানে একজনের লাভই অন্যজনের লোকসান।"
ওইদিনই মুস্তফা কামালের আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, "চলতি সপ্তাহের শেষ দিকে পুঁজিবাজার স্থিতিশীলতার দিকে ফিরে যেতে পারে।"
এ প্রসঙ্গে বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "সংসদীয় কমিটি সুপারিশ প্রণয়ন করবে। সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তাদের নেই।"
এক্ষেত্রে দুজনের বক্তব্য সাংঘর্ষিক হচ্ছে কি না তা জানতে চাইলে মুহিত বলেন, "সে তো সরকার নয়। সে পার্টি। কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সংসদীয় কমিটির নেই।
"সূচক কত হবে তা নির্ধারণ করার অধিকার আমার বা কারোরই নেই। সূচক ওঠানামা করবে স্বাভাবিক প্রক্রিয়ায়," বলেন অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয়ে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অর্থমন্ত্রী।
মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্যসূচক ৪২৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার আটশ ২২-এ দাঁড়ায়। বুধ ও বৃহস্পতিবার দরপতনের পর মূল্যসূচক দাঁড়িয়েছে ছয় হাজার পাঁচশ ৫২৭-এ।
বাজার স্বাভাবিকভাবেই চলছে বলে আমি মনে করি- এ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "বাজারে সূচকের ওঠানামা থাকবে- এটাই স্বাভাবিক। তবে হঠাৎ করেই চারশ পয়েন্ট বেড়ে বা কমে যাওয়াটা অস্বাভাবিক। সূচক পড়লে ভাংচুর করাটাও পরিকল্পিত।"
শেয়ারবাজারের নাজুক পরিস্থতির জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য 'রাজনৈতিক' বলেও মঙ্গলবার মন্তব্য করেন আ হ ম মুস্তফা কামাল।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্যমূল্য বৃদ্ধি ও শেয়ারবাজারের নাজুক পরিস্থিতির জন্য বিরোধী দলকে দায়ী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৪৬ ঘ.
bdnews24