ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতি থাকবে এক হাজার পাঁচশ মেগাওয়াট।
অন্যদিকে, দেশে প্রতিদিন গ্যাসের ঘাটতি পাঁচ'শ মিলিয়ন ঘনফুট।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এ তথ্য জানান।
সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, চলতি মাসে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিলো পাঁচ হাজার ছয়শ মেগাওয়াট। গ্যাস সংকট অব্যাহত থাকায় এই সময় গড় বিদ্যুৎ উৎপাদন ছিলো তিন হাজার আটশ থেকে চার হাজার মেগাওয়াট।
আসন্ন বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান এনামুল হক। তিনি বলেন, "চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন কম, তাই এ উৎসবের সময় বিশেষ করে হিটার ও সেচ ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে সবাই উপকৃত হবো।"
আনিসুর রহমান মন্ডলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সংরক্ষিত নারী আসনের সাংসদ তারান হালিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সরকারি নির্দেশের আগে যেসব গ্রাহক চাহিদামতো অর্থ (ডিমান্ড নোট) পরিশোধ করেছে শুধু তাদের সরকারি নির্দেশনার প্রেক্ষিতে শর্ত-সাপেক্ষে সংযোগ দেওয়া হচ্ছে।"
বিদ্যুতের ঘাটতি লাঘবে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের আরেক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, "দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত ২৩টি গ্যাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ১৭টি থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এ সব গ্যাসক্ষেত্রের মোট উৎপাদন ক্ষমতা দৈনিক দু'হাজার মিলিয়র ঘনফুট।"
"গত কয়েক বছরে দেশে গ্যাসের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে," জানিয়ে তিনি বলেন, "এখন দেশে গ্যাসের দৈনিক চাহিদা আড়াই হাজার মিলিয়ন ঘনফুট। এ হিসাবে দৈনিক গ্যাসের ঘাটতি পাঁচশ মিলিয়ন ঘনফুট।"
আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, সঞ্চালন সীমাবদ্ধতার কারণে বর্তমানে গ্যাসের সংকট তীব্রতর হচ্ছে। তবে সরকার গ্যাসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কার্যক্রম নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩৮ ঘ.
bdnews24