ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোক্তাদীর আলী প্রেষণে নিয়োগ পেয়েছেন।
মোক্তাদীর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক পদে কর্মরত। কাজে যোগ দেওয়ার দিন থেকে তার নতুন নিয়োগ কার্যকর হবে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
একইদিন গুরুত্বপূর্ণ তিনটি পদে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
এর মধ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী আবু জাফর মোহাম্মদ হাসান সিদ্দিকী, অবসর উত্তর ছুটিতে (পিআরএল) থাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক আশরাফ আলী এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে প্রেষণে নিয়োজিত পরিচালক অধ্যাপক তাইবুল হাসান খান- এই তিন জনই একই পদে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
এর আগে কাজী আবু জাফর বিটিভির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ পান। ২১ জানুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হয়।
এছাড়া নীলফামারীর সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৯১৭ ঘ.
bdnews24