কুমিল্লা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনের ঘটনায় কুমিল্লায় বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধরা এনসিসি ব্যাংক কার্যালয় ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ব্র্যাক ইপিএল এবং রশিদ ইনভেস্টমেন্ট নামের ব্রোকারেজ হাউসের দুই শতাধিক বিনিয়োগকারী শহরের কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল শুরু করে।
বিনিয়োগকারী মন্জু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ারবাজারে কারসাজির কারণে আমরা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।"
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিক্ষোভকারীরা এনসিসি ব্যাংক ব্রোকারেজ হাউসে লেনদেনকারীদেরও বিক্ষোভে অংশ নিতে আহবান জানায়।
"কিন্তু সে আহ্বানে সাড়া না দেওয়ায় বিক্ষোভকারীরা এনসিসি ব্যাংক কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে ভাংচুর চালায়।"
তিনি জানান, খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশসহ অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিক্ষোভকারীদের কাছে তাদের শেয়ার আছে কিনা জানতে চাইলে তারা সরে পড়ে।
মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর এক ঘণ্টা পর সূচক কমতে শুরু করে। এ সময় ডিএসই'র সামনে বিনিয়োগকারীরা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধরা ডিএসই ভবনের উল্টোদিকের রহমান ম্যানশনসহ আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালায় ইট-পাটকেল ছোড়ে।
তবে লেনদেনে উত্থান-পতনের পর দিন শেষ হয়েছে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায়। দিন শেষে (বিকাল ৩টায়) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক তিনশ ৪৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ছয়শ ৫১ দশমিক ৭৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24