ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৮৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৫৬ শতাংশ।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসিক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ১ হাজার ২৭ কোটি ৬৮ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে বিদেশে পাঠানো হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৪১ লাখ ডলারের পণ্য।
গত অর্থবছর একই সময়ে ৮৭১ কোটি ২৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ।
চলতি অর্থবছরের শুধু জানুয়ারি মাসেই রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৩৩ শতাংশ।
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম সাত মাসে নিটওয়্যার, উভেন গার্মেন্ট, কাঁচা পাট, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, চিংড়ি, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, তামাক, হস্তশিল্প, প্লাস্টিক পণ্য, ক্যাপ, ঘড়ি ও এর যন্ত্রাংশ, ইলেট্রনিক্স পণ্য, ফুটওয়্যার, জাহাজ, সিরামিক পণ্য, কম্পিউটার সার্ভিসেস- ইত্যাদি পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।
তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চা, কেমিক্যাল প্রডাক্টস, বাইসাইকেল, আসবাবপত্র, প্রকৌশল পণ্য, পেট্্েরালিয়াম বাই প্রডাক্টস, টেরি টাওয়েল, প্রিন্টেড ম্যাটেরিয়াল, রাসায়নিক সার ও ওষুধের রপ্তানি কমেছে।
ইপিবির হিসাবে, প্রথম সাত মাসে পরিমাণগত দিক থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে নিটওয়ার খাতে। এ খাতে রপ্তানি আয় হয়েছে ৫০৭ কোটি ২৫ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক ২২ শতাংশ হারে।
এছাড়া আনুপাতিক হারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে জাহাজ রপ্তানি খাতে। এম শিল্পে প্রবৃদ্ধি হয়েছে এক হাজার ৩৮৬ দশমিক ৭৮ শতাংশ হারে। রপ্তানি বাবদে আয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ডলার।
২০১০-১১ অর্থবছরে মোট ১ হাজার ৮৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের প্রকৃত রপ্তানি আয়ের চেয়ে ১৪ দশমিক ১৬ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৮০৮ ঘ.
bdnews24