২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতনে আবার বিক্ষোভ

আগের দিনের মতো হরতালের দিনেও ঢাকার পুঁজিবাজারে দরপতন হয়েছে। কমেছে প্রায় সব শেয়ারের দাম। আর এতে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে একদল বিনিয়োগকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো হরতালের দিনেও ঢাকার পুঁজিবাজারে দরপতন হয়েছে। কমেছে প্রায় সব শেয়ারের দাম। আর এতে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে একদল বিনিয়োগকারী। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শুরুতেই সাধারণ সূচক কমে যায়। এরপর প্রায় সারাদিনেই এ ধারা চলতে থাকে। লেনদেন শেষে সূচক ৩২৪ পয়েন্ট কমে ৬৩৯৪ দশমিক ৫৩ এ দাঁড়িয়েছে। সারাদিনে প্রায় ৬১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ২৪১টি শেয়ারের দামই কমেছে, বেড়েছে ১২টির। ২টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। ঢাকার মতো চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক কমেছে। সোমবার হরতালের দিনে বিনিয়োগকারীর সংখ্যা কম থাকলেও দুপুর ১টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে তারা। হরতালের কারণে মতিঝিলের সামনের সড়কে গাড়ি চলাচল সীমিত হলেও প্রচুর রিকশা চলছিলো, তাও আটকে দেয় তারা। রোববার বিক্ষোভকারীদের একাংশের মিছিল থেকে বিএনপির ডাকা হরতালে সমর্থন দেওয়া হয়। তবে সোমবারের মিছিলে হরতালের বিষয়ে কোনো স্লোগান শোনা যায়নি। তবে অর্থমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান হয়েছে। পুঁজিবাজারে 'কেলেঙ্কারির' জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে বিএনপি এ হরতাল ডেকেছে। দুপুর ২টার পর বিক্ষোভকারীরা মতিঝিল শাপলা চত্বরের কাছে একটি বাস এবং ডিএসই ভবনের কাছে একটি পিকআপভ্যান ভাংচুর করে। তারা সড়কে কাগজ জড়ো করে আগুনও ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা ইস্পাহানি ভবন, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, আইএফআইসি ও সিটি ব্যাংক ভবন লক্ষ করে ব্যাপক ঢিল ছোড়ে। এতে ভবনগুলোর বেশ কিছু কাঁচ ভেঙেছে। বাংলাদেশ ব্যাংকের সামনেও কিছু সময় বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। সেখানে একটি বিজ্ঞাপনী বিলবোর্ডও ভাঙচুর হয়। বিকাল ৩টায় লেনদেনের সময় শেষ হওয়ার পর অবশ্য পরিস্থিতি শান্ত হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এসআইএম/এমআই/১৬০০ ঘ.