২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছে কোকা কোলার প্রতিনিধি দল

পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব বিষয়ে আলোচনার জন্য বহুজাতিক কোমলপানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা কোলার একটি প্রতিনিধি দল এ মাসে ঢাকা আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব বিষয়ে আলোচনার জন্য বহুজাতিক কোমলপানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা কোলার একটি প্রতিনিধি দল এ মাসে ঢাকা আসছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "তাবানী বেভারেজের সঙ্গে কোকা কোলার যে চুক্তি রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করেছি।" "আমরা ওই চুক্তির আওতায় সরকার ও কোকা কোলার আইনগত বাধ্যবাধকতার বিষয়গুলো খতিয়ে দেখছি। এরপরই বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত হবে," বলেন বিনিয়োগ প্রস্তাব যাচাই কমিটির সভাপতি মশিউর রহমান। তাবানী থেকে মুক্তিযোদ্ধারা যে সাহায্য পেতেন কোকো কোলা থেকেও তা পাবেন কি না তা খতিয়ে দেখার পাশাপাশি আগের চুক্তির কারণে মামলা হতে পারে কি না- এসব বিষয় যাচাই করতে ২০১০ সালে এ কমিটি করা হয়। এ কমিটি বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অংশিদারিত্বের বিষয়টিও খতিয়ে দেখছে। বৈঠকে কমিটির অপর দুই সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদ উপস্থিত ছিলেন। ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোকা কোলা ব্যবসা শুরু করে। ২০০৮ সালে কোকা কোলা তাবানী বেভারেজের সঙ্গে চুক্তি ছিন্ন করে। ওই বছরের অগাস্টে তারা তাবানীকে কাঁচামাল সরবরাহ বন্ধ করে দেয়। এর আগ পর্যন্ত ঢাকা ও রাজশাহী অঞ্চলে কোকা কোলার কোমল পানীয় বাজারজাত করত তাবানী বেভারেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২৩০৭ ঘ.