২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যশস্য ও সারের ৪০% মংলায় খালাসের নির্দেশ

দেশে আমদানি করা খাদ্যশস্য ও সারের ৪০ ভাগ মংলা বন্দরের মাধ্যমে খালাস করতে বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আমদানি করা খাদ্যশস্য ও সারের ৪০ ভাগ মংলা বন্দরের মাধ্যমে খালাস করতে বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নৌপরিবহন মন্ত্রণালয়ে রোববার এ সংক্রান্ত সরকারি আদেশ প্রতিপালন সম্পর্কিত সভায় তিনি এ নির্দেশ দেন। সরকারি বিধান অনুযায়ী, দেশে আমদানি করা খাদ্যশস্য ও সারের ৪০ ভাগ মংলা বন্দরের মাধ্যমে খালাস করার কথা। এছাড়া দেশের পাটজাত পণ্য, কাঁচাপাট এবং হিমায়িত মৎস্য মংলা বন্দরের মাধ্যমে রপ্তানিতে আগ্রহ সৃষ্টির জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী। সভায় জানানো হয়, মংলা বন্দরের বছরে ৬৫ লাখ মেট্রিক টন মালামাল এবং ৫০ হাজার টিইইউএস কন্টেইনার পরিচালনার ক্ষমতা রয়েছে। কিন্তু এ সুবিধা যথাযথ ব্যবহার হচ্ছে না। বন্দরের এই সুযোগ-সুবিধা ব্যবহারে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের আগ্রহী করে তুলতে কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। সভায় নৌপরিবহণ সচিব আবদুল মান্নান হাওলাদার ও মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর এমএকে আজাদসহ মন্ত্রণালয় এবং বন্দর ব্যবহারকারীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০৭ ঘ.