২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে ‘নির্যাতিত শ্রমিকদের’ সমাবেশ হয়নি

বাসা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) মোড়ে ‘অসহায় নির্যাতিত শ্রমিকরা’ ডাকা অবরোধ পালিত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) মোড়ে ‘অসহায় নির্যাতিত শ্রমিকরা’ ডাকা অবরোধ পালিত হয়নি। অধিকাংশ শ্রমিক বৃহস্পতিবার সকালে যথারীতি কাজে যোগ দেন। সকাল ৬টা থেকে সিইপিজেডের শ্রমিকরা বিভিন্ন শিল্প কারখানায় আসতে শুরু করেন। ‘অসহায় নির্যাতিত শ্রমিকদের’ ডাকা অবরোধ কর্মসূচিকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল পুলিশ। গত মঙ্গলবার ইপিজেড এলাকায় ‘অসহায় নির্যাতিত শ্রমিকদের’ পক্ষ থেকে বিলি করা প্রচারপত্রে বৃহস্পতিবার সকাল ৭টায় বিমান বন্দর সড়কের ইপিজেড মোড় অবরোধ ও সব কারখানা বন্ধ রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে ইপিজেড মোড়ে প্রায় এক হাজার পুলিশ সদস্য অবস্থান নেয়। সকালে র‌্যাবের কয়েকটি দলও ওই এলাকায় টহল দেয়। এসময় ইপিজেডের মূল ফটকে কাউকে জড়ো হতে দেয়নি পুলিশ। অধিকাংশ শ্রমিক হেঁটেই ইপিজেডে প্রবেশ করেন। চট্টগ্রাম শিল্প পুলিশের জ্যেষ্ঠ এএসপি রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ করতে কেউ আসেনি। শ্রমিকরা শন্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। এক হাজার পুলিশ মোতায়েন আছে।” সিইপিজেড’র মহাব্যবস্থাপক আবদুর রশিদ বলেন, “সকালে প্রতিদিনের মতই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখানকার ১৬৩টি কারখানার মধ্যে দুয়েকটি ছাড়া সবগুলোই সচল আছে।” তিনি জানান, সিইপিজেডে মোট শ্রমিক সংখ্যা এক লাখ ৭২ হাজার। এর মধ্যে বৃহস্পতিবারের উপস্থিতি ৯১ দশমিক ৬১ শতাংশ। বাসা ভাড়া বৃদ্ধির বিষয়টি ইপিজেড সংশ্লিষ্ট নয় উল্লেখ করে আবদুর রশিদ বলেন, এটা বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যকার বিষয়। তবে এসব বাড়িতে যেহেতু ইপিজেডের শ্রমিকরা ভাড়া থাকেন তাই ইপিজেড কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন। এদিকে গত বুধবার দিনের বিভিন্ন সময় ইপিজেড সংলগ্ন এলাকায় প্রচারিত আরেকটি প্রচারপ্রত্রে শুক্রবার বিকালে একই দাবিতে সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় এ ধরণের প্রচারপত্র বিলির সময় ইপিজেড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (২৮), মো. ফারুক (২৩) ও বাবুল মিয়া (৪০)। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত শুক্রবার বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ইপিজেড সংলগ্ন লেবার কলোনী মাঠে সমাবেশ আহ্বান করলেও পুলিশের বাধার কারণে তা করতে পারেনি শ্রমিকরা। পরে বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে তারা। এসময় ইপিজেড মোড় ও কলসী দীঘি পাড় এলাকায় কিছু ভাংচুরের ঘটনা ঘটে। ওই রাতে পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় সাধারণ শ্রমিকরা। বুধবার উদ্ভূত পরিস্থিতিতে সাংসদ এম এ লতিফের নেতৃত্বে ৯১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮৩৩ ঘ.