আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লাকে মূল জ্বালানি ধরে আগামী ২০১৪ সালের পর সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার, যেগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে প্রায় ৪ হাজার মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পরিকল্পনাধীন কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে বেসরকারি খাতের ছয়টি কেন্দ্র থেকেই চাহিদার বেশিরভাগ বিদ্যুৎ মিলবে।
দেশে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে বিতর্ক থাকায় আমদানি করেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর চাহিদা মেটানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর।
বর্তমানে দেশে পাঁচ ধরনের জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এর মধ্যে ৮২ শতাংশ গ্যাস, ফার্নেস অয়েল পাঁচ শতাংশ, ডিজেল সাত শতাংশ, পানি ও কয়লা তিন শতাংশ করে ব্যবহার হচ্ছে।
পিডিবি চেয়ারম্যান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বালানি নিরাপত্তার স্বার্থে আগামী ২০১৪ সালের পর কয়লাকে বিদ্যুৎ উৎপাদনের মূল জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে দেশে উৎপাদিত এবং আমদানি করা কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
“যেহেতু কয়লার উত্তোলন নিয়ে নানা বিতর্ক রয়েছে, তাই আমদানি করা কয়লার মাধ্যমে এসব কেন্দ্র চালানোর পরিকল্পনা হচ্ছে,” যোগ করেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ২৫০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট (তৃতীয় ইউনিট) চালু হবে। সাতটির মধ্যে এটিই একমাত্র সরকারি। এজন্য প্রাথমিক সমীক্ষা ইতোমধ্যে হয়েছে বলে জানান পিডিবি চেয়ারম্যান।
বর্তমানে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। বড়পুকুরিয়া খনি থেকেই এর জ্বালানি কয়লা আসে।
অন্য ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে চট্টগ্রামে হচ্ছে তিনটি; একটি আনোয়ারায়, একটি জালদিতে এবং অন্যটি উপকূলের কোনো এলাকায়। বাকি তিনটি হবে বাগেরহাটের মংলায়, খুলনার লবণচোরায় ও মুন্সীগঞ্জের মাওয়ায়।
আনোয়ারায় ১৩০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি স্থাপনে চীনের সঙ্গে আলোচনা চলছে। বিদ্যুৎ মন্ত্রণালয়সহ পিডিবির কর্মকর্তাদের নিয়ে গত ২ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চীন সফর করেন পিডিপি চেয়ারম্যান।
তিনি জানান, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হুয়াদিয়ান কর্পোরেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। এটি নির্মাণের সমঝোতা স্মারক চূড়ান্ত করতে চীনের কর্মকর্তারা শিগগিরই আসছেন।
২০১৬ সালের মধ্যে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা করছেন আলমগীর কবীর।
মংলায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনে ভারতের রাষ্ট্রায়াত্ত ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) সঙ্গে গত বছরের ৩০ অগাস্ট সমঝোতা স্মারক সই করে সরকার।
এনটিপিসি এবং পিডিবির যৌথ উদ্যোগে এ কেন্দ্রের জন্য ইতোমধ্যে মংলা সমুদ্র বন্দরের কাছে প্রায় ১৯০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে সুন্দরবনের ক্ষতির আশঙ্কায় এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ না করার জন্য পরিবেশবিদদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আন্দোলন করছে।
চট্টগ্রামের জালদি এবং খুলনার লবণচোরায় প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা হবে ১৫০ মেগাওয়াট করে। মাওয়ারটির উৎপাদন ক্ষমতা হবে ৩০০ মেগাওয়াট।
এসব কেন্দ্র নির্মাণের জন্য উদ্যোক্তাদের লেটার অব ইনটেন্ট (নিশ্চয়তাপত্র) দেওয়া হয়েছে বলে জানান পিডিবি চেয়ারম্যান। চট্টগ্রামের উপকূলীয় এলাকার ৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য লেটার অব ইনটেন্ট ইস্যুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
দেশে বর্তমানে ৭ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন ৫ হাজার মেগাওয়াটেরও কিছু বেশি।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের মধ্যে উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেয়।
এ পরিকল্পনার অনুযায়ী এ পর্যন্ত ৪৮টি বিদু্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি হয়েছে। এর মধ্যে ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক, তিনটি ভাড়াভিত্তিক, ১০টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং ১৮টি সরকারি।
এর অংশ হিসেবে গত প্রায় তিন বছরে ২ হাজার ৪০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে এ সরকারের আমলে নির্মিত ২০টি কেন্দ্র থেকে ১৫৮১ মেগাওয়াট এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি করা বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮২৫ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/জেকে/১০১২ ঘ.
bdnews24