২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে অবরোধ কর্মসূচি ‘নির্যাতিত শ্রমিকদের’

‘অনিয়মতান্ত্রিকভাবে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে’ বৃহস্পতিবার সব কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রাম ইপিজেড এলাকায় প্রচারপত্র বিলি করেছে ‘অসহায় নির্যাতিত শ্রমিকরা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অনিয়মতান্ত্রিকভাবে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে’ বৃহস্পতিবার সব কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রাম ইপিজেড এলাকায় প্রচারপত্র বিলি করেছে ‘অসহায় নির্যাতিত শ্রমিকরা’। ওই প্রচারপত্রে সব শ্রমিককে বিমানবন্দর সড়কের সিইপিজেড মোড়ে বৃহস্পতিবার সকাল ৭টায় অবরোধ এবং মূল ফটক বন্ধ করার কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এর পরিপ্রক্ষিতে বৃহস্পতিবার সকালে ইপিজেডের মূল ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম শিল্প পুলিশের জ্যেষ্ঠ এএসপি রেজাউল মাসুদ। মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) এ প্রচারপত্র বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট এলাকার শ্রমিক ও শিল্প পুলিশ কর্মকর্তারা জানান। এর পর দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কক্ষে শিল্প পুলিশ, র‌্যাব ও আমর্ড পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়। এএসপি মাসুদ বলেন, “বৃহস্পতিবার সকাল ৭টায় ইপিজেড মোড়ে অবরোধ বা ইপিজেডের মূল ফটক বন্ধ করার উদ্দেশ্যে কাউকে জড়ো হতে দেওয়া হবে না। সাধারণ শ্রমিকরা প্রতিদিনের মতোই কারখানায় প্রবেশ করবেন।” বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করতে না পেরে গত শুক্রবার দুপুর ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিইপিজেড মোড়ে বিমানবন্দর সড়ক অবরোধ করে শ্রমিকরা। ওইদিন ইপিজেড সংলগ্ন লেবার কলোনি মাঠে শ্রমিকরা সমাবেশ ডাকলেও অনুমতি না থাকায় সমাবেশ করতে দেয়নি পুলিশ। অবরোধ চলাকালে ইপিজেড মোড় সংলগ্ন এলাকা ও কলসীদীঘি পাড় এলাকায় কয়েকটি দোকানে ভাংচুর চালায় বিক্ষুব্ধরা। এ ঘটনায় রোববার গ্রেপ্তার করা হয় ছয় জনকে। শ্রমিকদের আন্দোলন ও তাদের কর্মসূচির বিষয়টি ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়া হচ্ছে উল্লেখ করে শিল্প পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, “ওই ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে কি না তা গোয়েন্দারা খতিয়ে দেখছে।” ইপিজেড সংলগ্ন এলাকায় ‘অতিরিক্ত বাড়ি ভাড়া’ বৃদ্ধির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে বুধবার লেবার কলোনি মাঠে সাধারণ শ্রমিক, বিজিএমইএ, বেপজা, বাড়ির মালিকদের প্রতিনিধি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে একটি সভা হবে। মঙ্গলবার প্রচারিত লিফলেটে চট্টগ্রামের মেয়র, স্থানীয় সাংসদ ও পুলিশ সদস্যদের স্থানীয় জমিদারদের ‘টাকায় কেনা গোলাম’ উল্লেখ করে বলা হয়- “অসহায় শ্রমিকদের দাবি উপরের মহলে আমাদেরই পৌঁছে দিতে হবে।” আন্দোলনের ‘শেষ দেখে নেয়ার’ কথা উল্লেখ করে প্রচারপত্রে বলা হয়, “আমরা অসহায় দিনমজুর। আমাদের মাসিক আয়ের অর্ধেক দিয়ে দিতে হয় রক্তচোষা বিবেকহীন জমিদারদের। আমাদেরও স্বপ্ন, স্বাদ, ইচ্ছা, আকাক্সক্ষা, ভবিষ্যৎ আছে।” অনিয়মিতভাবে ঘর ভাড়া বৃদ্ধি বন্ধ করা এবং বর্গফুট অনুযায়ী ঘর ভাড়া নির্ধারণের দাবি জানানো হয় প্রচারপত্রে। গত সপ্তাহে ‘ইপিজেড শ্রমিকবৃন্দের’ নামে প্রচারিত অন্য এক প্রচারপত্রে এ দুই দফাসহ বাড়ি ভাড়া সংক্রান্ত সাত দফা দাবি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৭৫৩ ঘ.