২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সফটঅয়্যার শিল্পের পথ সহজ করুন’

দ্রুত বিকাশমান সফটওয়্যার শিল্প বৈরী নীতিমালার জন্য ব্যাংক থেকে ঋণ এবং পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারছে না বলে অভিযোগ করছেন উদ্যোক্তারা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ২৫ কোটি ডলারের সফটওয়্যার শিল্পের বছরে ১০০ কোটি ডলার আয়ের সুযোগ রয়েছে। কিন্তু বৈরী নীতিমালার কারণে সে সুযোগ কাজে লাগানো যাচ্ছে না বলে জানিয়েছেন এ শিল্পের উদ্যোক্তারা। উদ্যোক্তরা বলছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গত অর্থবছরে সাড়ে ৪ কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি করেছে, যা তাদের সত্যিকারের সামর্থ্যরে তুলনায় অনেক কম। সম্ভাবনাময় এ খাতকে ব্যাংক ও পুঁজিবাজারে আর দশটা ব্যবসার মতোই গণ্য করায় সফটওয়্যার শিল্পের বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটঅয়্যায় এন্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি ও সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লিমিটেডের কর্ণধার মো. রফিকুল ইসলাম বলেন, “পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে গেলে ন্যূনতম পরিশোধিত মূলধন দেখাতে হয় ৪০ কোটি টাকা। কিন্তু বাংলাদেশে কোনো সফটওয়্যার কোম্পানিরই ওই পরিমাণ পুঁজি নেই।” “ন্যূনতম পরিশোধিত মূলধন যদি ৪ থেকে ৫ কোটি টাকায় নামিয়ে আনা যায় তাহলে অন্তত পাঁচটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পুঁজিবাজারে থেকে মূলধন সংগ্রহ করবে”, যোগ করেন তিনি। বেসিসের সহ-সভাপতি ফাহিম মাশরুর বলেন, “প্রাথমিক পরিশোধিত মূলধন এক কোটি টাকায় নামিয়ে আনা হলে আগামী দুই-তিন বছরের মধ্যে ৫০টি সফটওয়্যার কোম্পানি বাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়বে।” তবে ন্যূনতম পরিশোধিত মূলধনের বাধ্যবাধকতা ধীরে ধীরে কমানোর পরামর্শ দেন রফিকুল। সফটওয়্যার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ন গবেষণা এবং উন্নয়ন কাজের জন্য ব্যাংক থেকে আর্থিক সহায়তা না পাওয়ার কথা জানান রফিকুলসহ অন্যান্য সফটওয়্যার নির্মাতারা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ড. মাহমুদ ওসমান ইমাম জানান, ব্যাংকগুলো সফটওয়্যার শিল্পে অর্থায়ন করতে পারে না কারণ এ শিল্পের পুঁজি মানবসম্পদ। তাদের হস্তান্তরযোগ্য কোনো সম্পদ নেই। কিন্তু ঋণ পেতে হলে ব্যাংকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জামানত রাখতে হয়। প্রাথমিক পরিশোধিত মূলধনের পরিমান ধীরে ধীরে কমানো সমর্থন করলেও তা কমিয়ে এক কোটি টাকায় নামিয়ে আনার ব্যাপারে আপত্তি করেন ড. মাহমুদ। তিনি বলেন, “পৃথিবীর অন্যান্য দেশের পুঁজিবাজারে সফটওয়্যার শিল্পকে আলাদাভাবে দেখা হয়। আমাদেরও উচিৎ সংশ্লিষ্ট নিয়ম-কানুন শিথিল করা। তবে তা করার আগে আমাদেরকে অবশ্যই একটি উপযুক্ত পরিকল্পনা করতে হবে।” রফিকুল জানান, পশ্চিমা দেশগুলোর হয়ে ঢাকায় আউটসোর্সিংয়ের কাজ করছে প্রায় ৩০ হাজার কর্মী। বিশ্বের শহরগুলোর মধ্যে এ দিক থেকে ঢাকার অবস্থান তৃতীয়। ড. মাহমুদ বলেন, “তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং তথ্য প্রযুক্তি পরিচালিত সেবা (আইটিইএস) খাত বাংলাদেশে দ্রুত বর্ধমান খাতগুলোর অন্যতম। কিন্তু এ ধরনের প্রতিষ্ঠানগুলোর ইকুইটি মূল্যায়ন নিয়ে সমস্যার কথা বলে ব্যাংকগুলো।” বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমান জানান, এ বিষয়ে সমাধানের পথ খুঁজতে বেসিসের সঙ্গে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, “সফটওয়্যার কোম্পানিগুলোকে আমাদের ইকুইটি এন্টারপ্রিনেউরশিপ ফান্ড (ইইএফ) থেকে অর্থায়ন করা যায়। আর এ জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের জন্যও বেসিসকে দায়িত্ব দিয়েছি।” বেসিসের সভাপতি মাহবুব জামান বলেন, “বিদ্যমান ব্যাংকিং নিয়মগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি না। যৌথ মূলধনের মত কিছু ব্যবস্থা নিয়ে আমরা প্রস্তাবনা তৈরি করছি যেটা এ বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরআরডি/এসইউ/১৫০৫ ঘ.