২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায় ব্যাংকের প্রথম শাখা প্রতিষ্ঠা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘একটি বাড়ি-একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে সমবায় ব্যাংককে অংশীদার করা হচ্ছে। এজন্য সমবায় ব্যাংকের ঋণ সহায়তা কেন্দ্র সম্পর্কিত বিষয়টি সংশোধন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘একটি বাড়ি-একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে সমবায় ব্যাংককে অংশীদার করা হচ্ছে। এজন্য সমবায় ব্যাংকের ঋণ সহায়তা কেন্দ্র সম্পর্কিত বিষয়টি সংশোধন করা হবে। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বুধবার সমবায় ব্যাংকের প্রথম শাখা স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রায় ৬৪ বছর আগে ব্যাংক প্রতিষ্ঠার পর আগারগাঁও’র সমবায় ভবনে এই প্রথম একটি শাখা হলো। সমবায় ব্যাংকের সেবা স¤প্রসারণের আহ্বান জানিয়ে নানক বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ঋণ, সৌর বিদ্যুৎ চালিত সেচ ঋণ, সমবায় বাজার ঋণ এবং মহিলা ও যুব ঋণ চালু করে সমবায় ব্যাংক সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ করছে। তিনি জানান, শেখ হাসিনার সরকার সমবায় ব্যাংকের মাধ্যমে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সংক্রান্ত জটিলতা নিরসনে সুদ ও দণ্ডসুদ মওকুফ খাতে ভর্তুকি বাবদ ব্যাংকটিকে ১০০ কোটি টাকা দিয়েছে। পরে প্রতিমন্ত্রী নিজে একটি হিসাব খুলে ব্যাংকটির আগারগাঁও শাখার কার্যক্রম উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মিহির কান্তি মজুমদার, সমবায় নিবন্ধক মুশফেকা ইকফাৎ এবং ব্যাংকের মহাব্যবস্থাপক ধীরেন্দ্র চন্দ্র দাস। সরকার ও সমবায়ীদের যৌথ-মালিকানায় পরিচালিত বাংলাদেশ সমবায় ব্যাংক (সাবেক ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল কো-অপাারেটিভ ব্যাংক) ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৪৭৪ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠানটির সম্পদ মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। ব্যাংকের সমবায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার মালিকানা ৮৬ শতাংশ ও সরকারের মালিকানা ১৪ শতাংশ। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটি মোট আয় প্রায় ১৬ কোটি টাকা আয় করেছে। এরআগে কোন বছরই ব্যাংকটি এত আয় করতে পারেনি। পরে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘দারিদ্র বিমোচন এবং সমবায় আন্দোলন ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১০০ ঘ.