২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ডিসেম্বর শুরু বাটেক্সপো

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো শুরু হচ্ছে ১০ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো শুরু হচ্ছে ১০ ডিসেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে তৈরি পোশাকের এই প্রদর্শনীর এবার ২২তম আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ ডিসেম্বর সকাল ১১টায় এই প্রদর্শনী উদ্বোধন করবেন। ১২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সোমবার তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন (বিজিএমইএ) এর সভাকক্ষে প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “আমাদের তৈরি পোশাক একইসঙ্গে আন্তর্জাতিক মানের এবং দামটাও তুলনামূলক কম। চায়না থেকেও অনেক লোক এখন এখানে (বাংলাদেশে) আসছে।” “আমরা তাই আশা করছি এবারের বাটেক্সপোতে এবার গতবারের থেকে বেশী ক্রেতা আসবে।” প্রদর্শনীর প্রধান সমন্বয়ক সৈয়দ নুরুল ইসলাম বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের বায়ারদের (ক্রেতা) কাছে পৌঁছাতে পারি। বিশ্বের সব শীর্ষস্থানীয় ব্রান্ডেড কোম্পানিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সক্ষমতা, সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে তুলে ধরাও এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।” এবারের প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনা এবং উপস্থাপনায় স্থানীয় সংস্কৃতিতে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি। প্রদর্শনীর মূল পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটিড এবং এমজিএইচ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সাসকো গ্র“প। সহযোগী পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/১৬১৭ ঘ.