ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের বৈশ্বিক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি (জিএএফএসপি) থেকে বাংলাদেশ ৫ কোটি ডলার সহায়তা পেয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এ তহবিল থেকে সহায়তা পেল।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সাভারে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল অডিটোরিয়ামে সরকারের ‘সমন্বিত কৃষি উৎপাদনশীলতা প্রকল্প’- এর জন্য এই সহায়তার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের আওতায় উত্তর ও দক্ষিণাঞ্চলের তিন লাখ ছোটো ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হবে।
এক লাখ ৭৫ হাজার কৃষক, ৬০ হাজার মৎস্য চাষী এবং ৬০ হাজার গবাদি পশু পালনকারী তাদের উৎপাদন বাড়াতে প্রকল্প থেকে সহায়তা পাবে।
প্রকল্পের কমপক্ষে ২০ শতাংশ সুবিধা পাবে নারীরা।
উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, নিলফামারী ও লালমনিরহাট জেলা এবং দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালি, বরগুনা ও ঝালকাঠি জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
জিএএফএসপি-এর লক্ষ্য কৃষি খাতে সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর গরীব মানুষেদের আয় ও খাদ্য নিরাপত্তা বাড়ানো।
প্রাথমিক পর্যায়ে ৯০ কোটি ডলার নিয়ে এ তহবিল গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৮৫৬ ঘ.
bdnews24