আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে যে পরিমাণ ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা বাজেটে ধরা হয়েছিল, জ্বালানি তেলে ভর্তুকির অর্থ যোগাতে গিয়ে সাড়ে চার মাসেই তা নিয়ে ফেলেছে সরকার। আর এতে করে কমে এসেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ।
অর্থনীতিবিদরা বলছেন, সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বাড়তে থাকায় বিনিয়োগ ও শিল্প খাতের পাশাপাশি পুরো অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ছিল ২৫ দশমিক ৮৪ শতাংশ। অর্থ্যাৎ গত অর্থবছর বেসরকারি খাতে আগের বছরের চেয়ে ২৫ দশমিক ৮৪ শতাংশ ঋণ বেশি বিতরণ করা হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৮৪ শতাংশ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য জ্বালানি তেল কেনার পয়সা যোগাড় দিতেই গিয়েই সরকার অর্থ সংকটে পড়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সরকার অনেক বেশি দামে তেল কিনে বিদ্যুৎ কেন্দ্র্রগুলোকে কম দামে দিচ্ছে। এক্ষেত্রে সরকারকে মোটা অংকের সাবসিডি (ভর্তুকি) দিতে হচ্ছে। এ বাড়তি টাকার যোগান দিতেই সরকারকে ব্যাংক থেকে বেশি ঋণ নিতে হচ্ছে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, দৈনন্দিন ব্যয় মেটাতে নতুন অর্থবছরের প্রথম ১০০ দিনেই ব্যাংক খাত থেকে সাড়ে নয় হাজার কোটি টাকা ঋণ (নিট) নিয়েছে সরকার। আর ১৫ অক্টোবর পর্যন্ত, অর্থ্যাৎ ২০১১-১২ অর্থবছরের প্রথম সাড়ে চার মাসে ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫৯ কোটি ৮৮ লাখ টাকা, যার মধ্যে ১০ হাজার ৭৪২ কোটি ৩৯ লাখ টাকা এসেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে।
এই হিসাবে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রতিদিন গড়ে ১৪০ কোটি টাকা করে ঋণ নিয়েছে। অথচ পুরো অর্থবছরে এ খাত থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকার ঋণ নেবে বলে লক্ষ্যমাত্রা ধরেছিল সরকার।
এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একাধিকবার বলেছেন, ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কোনোভাবেই বাজেটের লক্ষ্যামাত্রা ছাড়াবে না।
গত অর্থবছরে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা, যা ওই অর্থবছরের মূল বাজেটের ঋণের লক্ষ্যামাত্রার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ও সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার দুই হাজার কোটি টাকা বেশি ছিল।
মির্জ্জা আজিজ বলেন, “আগে আমরা দেখেছি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকার ব্যাংক থেকে ঋণ নিতো। এখন অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়নের গতিও তেমন ভালো না। এই অবস্থায় জ্বালানি তেলের বাড়তি খরচ মেটাতেই ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে সরকারকে।”
পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৪৬ হাজার কোটি টাকার এডিপির মাত্র ১৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে- এমন মন্তব্য করে এই সাবেক উপদেষ্টা বলেন, “এর ফলে ব্যবসায়ী-শিল্পপতিরা ব্যাংক থেকে ঋণ পাবে না। যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়াগে। শিল্পায়ন ব্যাহত হবে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সেক্ষেত্রে বাজেটে ঘোষিত ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জনও কঠিন হবে।”
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, তফসিলি ব্যাংক থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির সুযোগ কমে আসে। যেহেতু সরকার কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও মোটা টাকা ঋণ নিচ্ছে, সেহেতু বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে- এটাই স্বাভাবিক।
বিদেশি ঋণ-সহায়তার পরিমাণ কমে আসাও ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন মির্জ্জা আজিজ।
অর্থনৈতিক সম্পর্ক বিভগের (ইআরডি) সর্বশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট ২৪ কোটি ৬২ লাখ ডলারের (২২ কোটি ১২ লাখ ডলার প্রকল্প সাহয্য এবং ২ কোটি ৫০ লাখ ডলার খাদ্য সহায়তা) বিদেশি সাহায্য দেশে এসেছে। এর মধ্যে প্রায় ১৭ কোটি ১৮ লাখ ডলার চলে গেছে বিভিন্ন সময়ে নেওয়া ঋণের সুদ-আসল পরিশোধে। সে হিসাবে এই সময়ে নিট বিদেশি সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৪৪ লাখ ডলার।
গত ২০১০-১১ অর্থবছরে একই সময়ে মোট ৩১ কোটি ৫৯ লাখ ডলারের (২৮ কোটি ২৯ লাখ ডলার প্রকল্প সাহায্য ও ৩ কোটি ৩০ লাখ ডলার খাদ্য সহায়তা) ঋণ-সহায়তা এসেছিল। তার মধ্যে সুদ-আসল পরিশোধে ১৪ কোটি ২৯ লাখ ডলার চলে গিয়েছিল। নিট ঋণ-সহায়তার পরিমাণ ছিল ১৭ কোটি ৩০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে নিট বিদেশি সাহায্য এসেছে মাত্র ৭ কোটি ৪৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ কোটি ৩০ লাখ ডলার। এই হিসাবে তিন মাসে দেশে-বিদেশি সাহায্য প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে।
বিদেশি সাহায্য কমে আসার কথা স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতিবারই অর্থবছরের প্রথম দিকে ফরেন এইডের প্রবাহ কম থাকে। এবারও তাই হয়েছে। আগামী মাসগুলোতে এ প্রবাহ অবশ্যই বাড়বে। পাইপলাইনে অনেক সাহায্য আটকে আছে- সেগুলো আসলে বিদেশি সাহায্যের এ অবস্থা থাকবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০৯৪৫ ঘ.
bdnews24