ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রায় আড়াই হাজার কোটি ব্যয়ে একটি তেল শোধনাগার নির্মাণের প্রস্তাব দিয়েছে সৌদি আরবের কোম্পানি সৌদি আরামকো।
জ্বালানি মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
গত সপ্তাহের সৌদি আরামকোর প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সময় এ প্রস্তাব রাখা হয়। প্রতিনিধি দলটি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “মন্ত্রণালয় প্রস্তাবটি বিবেচনা করে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানাবে।”
সৌদি আরামকো সৌদি আরবের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি। প্রতিষ্ঠানটি অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্য উৎপাদন ও বাজারজাত করে এবং বিশ্বজুড়ে ক্রেতাদের কাছে সরবরাহ করে।
বাংলাদেশে কোম্পানিটি নিয়মিত অপরিশোধিত তেল সরবরাহ করে বলে ওই কর্মকর্তা জানান।
চুক্তি সই হলে সৌদি আরামকো বাংলাদেশের দ্বিতীয় তেল শোধনাগারটি তৈরি করবে। এটার বার্ষিক শোধন ক্ষমতা হবে ৮০ লাখ টন।
চট্টগ্রামে বাংলাদেশের সরকার পরিচালিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির শোধন ক্ষমতা ১৪ লাখ টন।
এই অর্থ বছরের বাংলাদেশ প্রায় ৬৫ লাখ টন তেল আমদানি করবে। কর্মকর্তারা বলছেন, জ্বালানি তেলের চাহিদা বছরে ৬ শতাংশের বেশি হারে বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/২৩২০ ঘ.
bdnews24