ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস দুর্ভোগের অবসানে হবিগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত নতুন একটি সঞ্চালন লাইন স্থাপন করতে যাচ্ছে সরকার, যা দিয়ে বিবিয়ানায় উৎপাদিত অতিরিক্ত গ্যাস বৃহত্তর ঢাকায় আনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ বিষয়ক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
'কন্সট্রাকশন অব বিবিয়ানা-ধনুয়া গ্যাস ট্রান্সমিশন পাইপ লাইন প্রকল্প' বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৫০ কোটি ৩১ লাখ টাকা। এটা সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়ন হবে বলে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন।
অনুমোদিত প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের গ্যাস ফিল্ডগুলো হতে উৎপাদিত গ্যাস বর্তমানে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে সঞ্চালিত হচ্ছে। আশা করা হচ্ছে, ২০১২ সালের শেভরন বাংলাদেশ পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড হতে প্রতিদিন ৩৬০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস এবং মৌলভীবাজার গ্যাসফিল্ড হতে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।
এই অতিরিক্ত ৬৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইনের মাধ্যমে বৃহত্তর ঢাকা জেলা এবং দেশের পশ্চিমাঞ্চলে পৌঁছানো হবে।
প্রকল্পের আওতায় হবিগঞ্জের বিবিয়ানা থেকে গাজীপুরের ধনুয়া পর্যন্ত ৩৬ ইঞ্চি ব্যাসের সঞ্চালন পাইপ লাইন স্থাপন করা হবে। ১৩৭ কিলোমিটার দীর্ঘ এ লাইনের মধ্যে ৪৫০০ মিটার নদীপথ রয়েছে।
পেট্রোবাংলার নিজস্ব তহবিল থেকে প্রকল্পের ব্যয় মেটানো হবে। ২০১৩ সলের জুনে প্রকল্পের কাজ শেষ হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রস্তাবিত এলাকায় গ্যাসের সরবরাহ বাড়বে এবং তা এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে বলে কার্যপত্রে বলা হয়েছে।
একনেকের মঙ্গলবারের বৈঠকে ৪৪ কোটি টাকার নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টোরাল প্রোগ্রাম (৩য় পর্যায়) প্রকল্প, ৬৯ কোটি টাকার বৃহত্তর রংপুর কৃষি এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং বরিশাল সিটি করপোরেশন সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৪৪ ঘ.
bdnews24