ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদ কুক্ষিগত করে রাখার প্রবণতা ভাল নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, "বিমা কোম্পানির পরিচালকেরা অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না- বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইন অনুযায়ীই সম্প্রতি এমন একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিমা কোম্পানির পরিচালক এ বিধান পরিবর্তনের দাবি জানিয়েছে। কিন্তু আমার বিবেচনায় সম্পদ কুক্ষিগত করে রাখার প্রবণতা ভালো নয়।"
বিভিন্ন দেশের উদাহরণ টেনে অর্থমন্ত্রী বলেন, "এটা করা হয়েছে ভাল একটি দর্শন থেকেই।"
অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি কিছু প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ। কিন্তু এখন দেখা যাচ্ছে, বেশ একটু আন্দোলনের মতো চলছে। অনেক ব্যাপারেই আপত্তি রয়েছে বিমা কোম্পানির মালিকদের। তবে আইডিআরএ ও বিআইএর মধ্যে সম্প্রতি কথাবার্তা হয়েছে। ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
"বিআইএর লোকজন চায় তাদের সঙ্গে আলোচনা করে বিধিবিধান তৈরি করা হোক। আইডিআরএ প্রয়োজনে তাই করবে।" যোগ করেন মুহিত।
পুঁজিবাজারে বিমা তহবিল প্রসঙ্গ
প্রায় ১৫ হাজার কোটি টাকার জীবন বিমা তহবিলের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করা হলে অর্থমন্ত্রী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
এ বিষয়ে তিনি বলেন, "প্রসঙ্গ উঠেছিল, তবে এ বিষয়ে আমি কিছু বলিনি।"
বিআইএ চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, "আমাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করা হলে বিমা শিল্পের জন্য ভাল হবে।"
আইডিআরএ শিল্পের নিয়ন্ত্রক সংস্থা, আর বিআইএ কোম্পানির মালিকদের সমিতি-উভয়ই বিমা শিল্পের ভাল চায়। তাহলে বিরোধটা কোথায়- এমন প্রশ্নের জবাবে কবির হোসেন বলেন, "না, কোনো বিরোধ নেই। তবে অনেক বছরের জঞ্জাল একদিনে সাফ করা যায় না। অথচ আইডিআরএ সেই কাজটিই করতে চাইছে।"
জীবন বিমা তহবিলের টাকা পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে কবির বলেন, "আমাদের প্রস্তাব হলো জীবন বিমা তহবিলের একটা অংশ হলেও যেন পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়।"
এ টাকা শেয়ারবাজারে এলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।
সম্প্রতি বিমা আইন অনুযায়ী ট্যারিফ হার অনুসরণ করা, নিজের কোম্পানিতে নিজ প্রতিষ্ঠানের বিমা না করা, বিমা কোম্পানির পরিচালকদের অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক না হওয়া বিষয়ে কয়েকটি প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ। কিন্তু বিমা কোম্পানির মালিকেরা তা অনুসরণ করতে চাইছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৩৬ ঘ.
bdnews24