২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকে 'প্রতারিতদের' টাকা পেতে আরো অপেক্ষা

কমিশন গঠনের ছয় মাসেও তদন্ত শুরু করতে না পারায় 'যুবক'র আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার অপেক্ষার দিন আরো বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিশন গঠনের ছয় মাসেও তদন্ত শুরু করতে না পারায় 'যুবক'র আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার অপেক্ষার দিন আরো বাড়ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন যুবক কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "দুই বছরের মধ্যে কমিশনের কাজ শেষ করার কথা। কিন্তু কাজ শুরু করতেই ছয় মাস লেগে গেছে। সে কারণে কমিশনের সদস্যরা সময় ছয় মাস বাড়াতে বলেছেন।" প্রতারণার অভিযোগে ২০০৬ সালে যুবকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতারণার অভিযোগ তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে কমিটি হয়। ওই কমিটির সুপারিশেই ২০১০ সালের জানুয়ারিতে গঠন করা হয় 'যুবক কমিশন'। পল্টনে হাউজ বিল্ডিং ফাইন্যান্স ভবনে কমিশনের কার্যালয় খোলার কথা জানিয়ে মুহিত বলেন, এই কমিশন যুবকের কী পরিমাণ সম্পদ আছে, প্রকৃতপক্ষে কারা প্রতারিত হয়েছে- সে বিষয়ে কাজ করছে। যুবকের যাবতীয় সম্পদ বিক্রির ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান তিনি। ২০০৬ সালের ৩১ মার্চের মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দিতে যুবককে নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। তবে তারা টাকা দিতে ব্যর্থ হলে দুর্নীতি দমন কমিশনকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। "যুবকের প্রচুর সম্পদ আছে, যা বিক্রি করে ক্ষতিগ্রস্ত বা প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। তবে তা মামলা সংক্রান্ত জটিলতায় না গিয়ে সমঝোতার মাধ্যমে করা হবে," যোগ করেন মুহিত। এ ধরনের 'হায় হায় প্রতিষ্ঠান' যাতে দেশে আর কোনো কার্যক্রম করতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুহিত। যুবক কমিশন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "কমিশন তাদের কাজের গতি বাড়াতে আরো লোকজন চেয়েছে। মূলত তারা ব্যাংকিং খাতের লোক চেয়েছে। অনেক দিন আমরা এ কমিশনের দিকে নজর দিতে পারিনি। একটা অনাথ প্রতিষ্ঠানই বলা যায়। এখন জনবল বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" যুবকের কী পরিমাণ সম্পদ আছে, ক্ষতিগ্রস্তের সংখ্যা কেমন হবে- জানতে চাওয়া হলে মুহিত জানান, এর সঠিক তথ্য তার কাছে নেই। "তবে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি," বলেন তিনি। কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুবক নিয়ে সরকার যে তদন্ত কমিটি করা হয়েছিলো তার তথ্য অনুযায়ী প্রতারিত বা ক্ষতিগ্রস্তের সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। আর তাদের পাওনার পরিমাণ ২ হাজার ১০০ কোটি টাকা।" কবে নাগাদ টাকা ফেরত দেওয়া হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা এখনও পুরোপুরি কাজ শুরু করতে পারিনি। এ বিষয়ে সঠিক করে কিছু বলা যাবে না।" 'পদ্মার নতুন তথ্য নেই' পদ্মা সেতু বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "পদ্মা সেতু নিয়ে সবারই আগ্রহ বেশি। কিন্তু আমার কাছে এই মুহূর্তে নতুন কিছু নেই। আমরা (সরকার) বিশ্বব্যাংককে যে চিঠি দিয়েছিলাম এর উত্তর আসেনি। ওই চিঠির উত্তর পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেবো।" সেতু বিভাগকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে নেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে মন্তব্য করতে অপারগতা জানান মন্ত্রী। এ ছাড়া পুঁজিবাজার ইস্যুতেও মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি। তার ভাষায়, "আমি তো আগেই বলেছি শেয়ারবাজার নিয়ে আমি কোনো কমেন্ট করবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৮২৬ ঘ.