২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিট নিয়ে 'মূল কমিটির' প্রতিবেদন প্রকাশের দাবি

ট্রানজিট বিষয়ে 'স্বচ্ছ' হতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ বিষয়ে গঠিত 'মূল কমিটির' প্রতিবেদন প্রকাশ করা উচিত বলে একটি আলোচনা সভার মত দিয়েছেন বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিট বিষয়ে 'স্বচ্ছ' হতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ বিষয়ে গঠিত 'মূল কমিটির' প্রতিবেদন প্রকাশ করা উচিত বলে একটি আলোচনা সভার মত দিয়েছেন বক্তারা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্কোন্নয়নের জন্য ট্রানজিটে ভারত-বাংলাদেশ দুদেশের স্বার্থ রক্ষা হওয়া প্রয়োজন। বক্তারা বলেন, ট্রানজিট নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে এ সংক্রান্ত সরকারি প্রতিবেদন কয়েকজন উপদেষ্টা ও সরকারি কর্মকর্তাদের মাঝে সীমাবদ্ধ না রেখে তা প্রকাশ এবং ওই প্রতিবেদন নিয়ে পাবলিক ফোরামে আলোচনা হওয়া উচিত। ভারতকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট দেওয়া নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার এ আলোচনা সভার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্রাচার্য আলোচনায় বলেন, "এটা শুধু রাজনীতিবিদ ও আমলাদের বিষয় নয়।" "সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা হওয়া উচিত।" সরকারের কোন অংশ ট্রানজিট নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে কেউ কোনো তথ্য পেতে চাইলে তাকে কোথায় যেতে হবে তা জানতে চান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই'র সভাপতি আনিসুল হক বলেন, অনেকদিন পেরোলেও ট্রানজিটের সুফল নিয়ে সরকার কোনো তথ্য তুলে ধরতে পারেনি। ট্রানজিট সুবিধা দেওয়ার সময় সরকার কীভাবে জ্বালানি ভর্তুকি নিয়ন্ত্রণ করবে তা জানতে চান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আরেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "অনেক সংস্থা দাবি করছে এর মাধ্যমে শ' শ' কোটি ডলার আয় করবে বাংলাদেশ।" "কিন্তু ট্রানজিট ফি নির্ধারণ না করেই আমরা কীভাবে আয়ের হিসাব করি", প্রশ্ন করেন তিনি। গণস্বাস্থ্যের ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, "ভারত করিডোর চাইছে। আর নেপাল ও ভুটান চাইছে ট্রানজিট।" অ্যাম্বাসেডর ড. তৌফিক আলী বলেন, "ফারাক্কা ব্যারেজ পরীক্ষামূলকভাবে চালু হলেও তা দশকের পর দশক চলেছে।" "কেউ কি বলতে পারেন পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কতদিন পর্যন্ত চলবে?" ট্রানজিট ও ট্রানশিপমেন্ট নিয়ে 'সরকারের প্রতি আস্থা রাখা'র জন্য দর্শকদের বোঝাতে চেষ্টা করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, এ বিষয়ে সরকারি কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ তা প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। মন্ত্রী বলেন, "সরকার কমিটির প্রতিবেদন পেয়েছে এবং এটা নিয়ে এখন আলোচনা-পর্যালোচনা চলছে। প্রতিবেদনটি চূড়ান্ত হলে তা প্রকাশ করা হবে।" ট্রানজিট নিয়ে বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন এবং ট্রানজিট ও ট্রানশিপমেন্ট ফি নির্ধারণ নিয়ে গত বছর এ কমিটি করে সরকার। গত মাসের শুরুর দিকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেয় ওই কমিটি। ওই প্রতিবেদনে ট্রানজিটের সম্ভাব্য রুট, অবকাঠামো নির্মাণের জন্য বিনিয়োগের পরিমাণ, এর জন্য প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এবং ট্রানজিট ফি নিয়ে সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান আলোচনায় নয় পৃষ্ঠার লিখিত বক্তব্যে ট্রানজিটের তাত্ত্বিক দিক তুলে ধরার চেষ্টা করেন। ট্রানজিট সম্পর্কিত নানা বিষয় দেখাশোনায় সরকারের পক্ষে তিনিই মূল ব্যক্তি বলে ধারণা করা হয়। গতমাসে পরীক্ষামূলকভাবে নৌপথে ভারতীয় পণ্যপরিবহনের (ট্রানশিপমেন্ট) অনুমোদন দেয় সরকার। গত ১১ অক্টোবর মশিউর রহমান এক অনুষ্ঠানে বলেন, নিয়মিত ট্রান্সশিপমেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত ট্রান্সশিপমেন্টের চার থেকে ছয়টি পরীক্ষামূলক চালান যাবে। আগামী বছর মার্চ নাগাদ ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ফি চূড়ান্ত হবে বলেও উল্লেখ করেন তিনি। গত ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বড় কার্গোর জন্য টনপ্রতি এক হাজার টাকা এবং কন্টেইনার প্রতি ১০ হাজার টাকা ট্রানশিপমেন্ট ফি নির্ধারণ করে সরকার। কিন্তু সরকারের মধ্যের একটি অংশের তদবিরে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে ভারতীয় পণ্য পরিবহনে কোনো ফি নির্ধারণ করা হয়নি এবং বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে সরকার। সেপ্টেম্বরের প্রথমদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি যৌথ ঘোষণা আসে। সেখানে ৬৫ দফার মধ্যে সাতটি ছিলো ভারতকে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়া নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১০৯ ঘ.