ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ফিরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ 'পালকি' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বোয়িং ৭৭৭ মডেলের এই উড়োজাহাজের উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী কেবিনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল, মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স নিকোলাস ডিন, বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামসহ বিমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়া জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রী লতিফ সিদ্দিকী, সংসদের চিফ হুইপ আব্দুস শহীদও উপস্থিত ছিলেন সেখানে।
২০০৮ সালে আমেরিকান প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বিমানের ১২০ কোটি ডলারের ক্রয় চুক্তি হয়। এই চুক্তির আওতায় বোয়িং ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে বিমানকে দশটি উড়োজাহাজ সরবরাহ করবে। নভেম্বর মাসে আরেকটি এবং ২০১৩ সালে আরো দুটি নতুন বোয়িং ৭৭৭-৩৩০ইআর বিমানের বহরে যোগ হবে।
চুক্তির আওতায় বিমানের বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সাংবাদিকদের জানান, "পালকি মূলত ঢাকা-লন্ডন ও ঢাকা-রোম রুটেই উড়বে। তবে প্রয়োজন হলে অন্যান্য রুটেও এটি চালানো হবে।"
নতুন এই উড়োজাহাজটির নাম দেওয়া হয়েছে 'পালকি'।
বোয়িংয়ের তথ্যানুসারে ৭৭৭-৩৩০ ইআর সিরিজের এই উড়োজাহাজটির যাত্রীবহন ক্ষমতা ৩৬৫ থেকে ৫৫০জন। এটি বিরতিহীন সাড়ে ১৪ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৪৫৩ ঘ.
bdnews24