ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতু নির্মাণে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি।
বৃহস্পতিবার তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এখন পর্যন্ত এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ হয়েছে। এটা খুব স্বচ্ছ ভাবে হয়েছে।"
"যমুনা সেতুর সময় এ দুটি কাজে অনেক চুরি হয়েছিলো। এবার কোনো দুর্নীতি হয়নি," বলেন তিনি।
পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠায় এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতু তৈরিতে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
বুধবার বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটবে শিগগিরই।
মুহিত বৃহস্পতিবারও একই আশা প্রকাশ করে বলেন, "পদ্মা সেতুর কাজ আমরা অবশ্যই শুরু করতে পারবো। তবে হয়তো শেষ (বর্তমান সরকারের মেয়াদে) করতে পারবো না।"
পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়।
মুহিত বলেন, দুর্নীতির যে কথা বিশ্বব্যাংক বলেছে, তা তাদের ধারণা।
বাংলাদেশের তরফে এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ বরাবারই প্রত্যাখ্যান করে আসছে সরকার। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বুধবারও সাংবাদিকদের বলেন, যারা পদ্মা সেতু বাস্তবায়ন চায় না, তারাই এ নিয়ে নানা ভিত্তিহীন অভিযোগ করছে।
বিশ্বব্যাংকের কথিত দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনও স¤পৃক্ত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এ বিষয়ে তথ্য-প্রমাণ চেয়ে বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে তারা। তা পেলেই তাদের অনুসন্ধান শুরু হবে।
পদ্মা সেতু নিয়ে সরকারের পক্ষ থেকে একটি ব্যখ্যা দেওয়ার কথা বলা হলেও তা কোনো দেওয়া হচ্ছে না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "বিষয়টি খুবই স্পর্শকাতর। আমি কি বিশ্বব্যাংকের সঙ্গে বিগ ফাইটে যাবো, নাবি যাবো না- এ বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হচ্ছে।"
"এ কারণেই প্রেস নোটটি কমপ্লিট করতে পারিনি", বলেন মুহিত।
তবে শিগগিরই সেই 'প্রেসনোট' ইস্যু করা হবে এবং তাতে সবই থাকবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক যে দুর্নীতির অভিযোগ এনেছে, তাতে যোগাযোগমন্ত্রী বা তার স্বার্থ সংশ্লিষ্ট কোনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।"
অর্থমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, পদ্মা সেতু নির্মাণে নদী শাসন, পরামর্শক নিয়োগ এবং প্রাক যোগ্যতা যাচাই নিয়ে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংক মনে করছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৭৫৭ ঘ.
bdnews24