স্টকহোম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুদের হার বৃদ্ধি বা কর কমানোর মতো পদক্ষেপগুলো জিডিপি ও মূল্যস্ফীতির মতো সামষ্টিক অর্থনীতির বিষয়গুলোকে কীভাবে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার জন্য চলতি বছরের নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ টমাস সার্জেন্ট ও ক্রিস্টোফার সিমস।
রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটি বলেছে, সামষ্টিক অর্থনীতির কার্যকারণ ও ফলাফলের ওপর গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।
৬৮ বছর বয়সী টমাস সার্জেন্ট নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে যখন মূল্যস্ফীতি অত্যন্ত বেড়ে গিয়েছিল, তখন অর্থনৈনীতে পদ্ধতিগত পরিবর্তন এনে কীভাবে মূল্যস্ফীতির রাশ টেনে ধরা হয় তা গবেষণায় দেখিয়ে দেন তিনি।
আর কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধিসহ সরকারের আর্থিক নীতিগুলো কীভাবে সামষ্টিক অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়েল ইকোনোমিকস অ্যান্ড ব্যাংকিংয়ের অধ্যাপক ক্রিস্টোফার সিমস (৬৮)।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এ দুই অর্থনীতিবিদ।
১৮৯৫ সালে নোবেল পুরস্কার প্রচলনের সময় অর্থনীতিতে কোনো পুরস্কার ছিলো না। স্যার আলফ্রেড নোবেলের স্মরণে ১৯৬৮ সাল থেকে অর্থশাস্ত্রে সেরিজ রিকসব্যাংক প্রাইজ নামে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯১৫ ঘ.
bdnews24