ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের চাকরির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার।
বিসিএসের '৮১ ব্যাচের কর্মকর্তা নাসিরের দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ২৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিলো। সোমবার তা আরো এক বছর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মেয়াদ এক বছর বাড়ানোর বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে।"
শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন এনবিআরে আসছে বলে জানান তিনি। মেয়াদ এক বছর বাড়ানোয় এববিআর কর্মকর্তারা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান মুমেন।
নাসিরউদ্দিন ২০০৯ সালের ২৮ অক্টোবর অবসরে যান। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বছরই তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এনবিআরের চেয়ারম্যান করা হয়।
আগামী ২৮ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার কথা ছিলো। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোয় ২০১২ সালের ২৭ অক্টোবর পর্যন্ত তিনি এবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
একইসঙ্গে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এনবিআরের চেয়ারম্যানই অইআরডি'র সচিবের দায়িত্ব পালন করে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯১৫ ঘ.
bdnews24