২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সশিপমেন্টের পক্ষে আইসিসি'বি

ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ট্রানশিপমেন্টের পক্ষে মত দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন আইসিসি'বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ট্রানশিপমেন্টের পক্ষে মত দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন আইসিসি'বি। রোববার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসি'বি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত তার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগের জন্য সড়ক, রেল ও নৌপথে বাংলাদেশের কাছে ট্রানজিট সুবিধা চেয়েছে। "প্রস্তাবিত ট্রানজিট পরিকল্পনায় ভারতের ট্রাক বাংলাদেশের ভৌগলিক সীমানার মধ্য দিয়ে যাতায়াত করতে পারলেও বাংলাদেশি ট্রাককে ভারতীয় সীমান্তে থেমে যেতে হবে। প্রকৃতপক্ষে, এটা অসম যোগাযোগ পরিকল্পনা।" আইসিসি'বি বলছে, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোটি কোটি ডলারের অবকাঠামো নির্মাণ এবং সেগুলোর উপর দিয়ে ভারতীয় কার্গো চলাচল শুরু করলে তার নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যয় কে বহন করবে তাও জানা যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রানজিটে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য অনেক লাভবান হবে। সেখানে নেওয়ার জন্য পণ্য পরিবহনের দূরত্ব ও সময় কমে প্রায় এক তৃতীয়াংশে চলে আসবে এবং তাতে অর্থ সাশ্রয় হবে। "ওই অঞ্চলে ভারতীয় উৎপাদকরা কম দামে তাদের পণ্য বিক্রি করতে পারবে এবং ফলশ্রুতিতে বাংলাদেশি ব্যবসায়ীরা সেখানে বাণিজ্য বাড়ানোর সুযোগ হারাবে।" ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গত সেপ্টেম্বরের ঢাকা সফরে দুদেশের মধ্যে ট্রানজিট চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি। একই সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও তাও হয়নি। তবে গত ২৮ সেপ্টেম্বর ভারতের ট্রান্সশিপমেন্টের প্রথম বাণিজ্যিক চালান কলকাতা থেকে আশুগঞ্জ-আখউড়া হয়ে ভারতের ত্রিপুরা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২১৬ ঘ.