ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝাল না বাড়লেও কাঁচা মরিচের দাম যেন বেড়েই চলছে। তিন দিনের ব্যবধানে পাইকারি বাজারে এর দাম হয়েছে প্রায় দ্বিগুণ। আর কারণ হিসেবে বিক্রেতাদের সেই একই অজুহাত- 'সরবরাহ কম'।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল ছিলো। তবে গত কয়েকদিনে কাঁচামরিচ ছাড়াও শশা, লাউ, টমেটোর দাম বেড়েছে। অপরিবর্তিত আছে চাল, ডাল, তেল, মসলাসহ মাছ-মাংসের দাম।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, "তিন দিন আগেও কাঁচামরিচের দাম ছিলো কেজি ৮০ টাকা; কাইল (বুধবার) বেচছি ১২০ টাকায়। আইজ বেচতাছি ১৫০ টাকা কইরা।"
সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি করেন তিনি।
ব্যাংক কর্মকর্তা শরিফুর রহমান বলেন, "প্রতিবারই দাম বাড়ানোর পর নানা অজুহাত দেখান ব্যবসায়ীরা। বৃষ্টি হলে বলেন অতিবর্ষণের কারণে সরবরাহ কম, আর বৃষ্টি কম হলে বলেন খরার কথা। মরিচের দামের ঝালের কারণে কাছে ঘেষতেই ভয় লাগে।"
হাতিরপুল এবং নিউমার্কেট কাঁচাবাজারে মরিচ বিক্রি হতে দেখা যায় ১৬০ টাকা কেজি দরে।
হাতিরপুল কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী জলিল বলেন, অন্যান্য সবজির দাম প্রায় একই রকম থাকলেও গত দুই দিনে কাঁচা মরিচের পাশাপাশি লাউয়ের পাইকারি দাম বেড়েছে কুড়িতে ১৫০ থেকে ২০০ টাকা করে। আর টমেটোর দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা। এ ছাড়া শশা ৫/৬ দিন আগে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
তিনি দাম বাড়ার কারণ ব্যাখ্যা করেন এভাবে- "ব্যাপারীরা বলছে, পূজার কারণে গাড়ি কম। তাই সরবরাহ কম, দাম বেশি।"
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল এবং নিউমার্কেটে বাজার ঘুরে দেখা যায়, বেগুন কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, কাকরোল ৪০ থেকে ৪৫ টাকা, আলু ১৫ থেকে ১৬ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢেঁড়শ ৫০ টাকা এবং ধনে পাতা ১০০ গ্রাম ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ফজলুল কাদের বলেন, "দৈনিক পুষ্টি চাহিদা মেটাতে এতোদিন আমাদের মতো আয়ের মানুষরা শাক-সবজির কথা ভাবলেও এখন আর তা হচ্ছে না।"
অবশ্য সয়াবিন তেল, চাল, ডাল, মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার পুষ্টি এবং তীর সয়াবিন তেলের ৫ লিটারের বোতল বিক্রি হয়েছে ৫৯০ টাকায়। আর রূপচাঁদা ৬০০ টাকায়। এ ছাড়া দেশি মসুর ডাল প্রতি কেজি ৯০ টাকা এবং ভারতীয় ডাল ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
চালের মধ্যে নাজিরশাইল প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা, মিনিকেট ৪৪ থেকে ৪৫ টাকা, মোটা চাল ৩৫ থেকে ৩৬ টাকা, পোলাওয়ের চাল ৬০ থেকে ৬২ টাকা, স্বর্ণা ৩৬ থেকে ৩৭ টাকা এবং পারি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
গরু এবং খাসির মাংস প্রতি কেজি যথাক্রমে ২৭০ এবং ৪৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের পাকিস্তানি সোনালী কক প্রতিটি ১৬০ থেকে ১৭০ টাকা, একই ওজনের দেশি মুরগি প্রতিটি ২৫০ টাকা।
প্রকারভেদে মসলার দাম কিছুটা কমেছে বলেও জানান কারওয়ানবাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন।
তিনি জানান, প্রতি কেজি এলাচ মানভেদে ১৮০০ থেকে ২৬০০ টাকা, জিরা ৪২০ থেকে ৪৭০ টাকা, লবঙ্গ ২২০০ টাকা, কালো গোল মরিচ ৮৫০ টাকা, দারুচিনি ২৫০ টাকা, কিসমিস ৩৩০ টাকা, জয়ত্রী এবং জায়ফল যথাক্রমে ৩৬৫০ ও ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে ইলিশের দাম প্রতিহালি ১০০ থেকে ১৫০ টাকা কমেছে বলে জানান মাছ ব্যবসায়ী আনোয়ার।
বাজারে ৮০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ ৪৫০ টাকা এবং ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৫৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া দেশি রুই এবং কাতলা প্রতি কেজি ২৫০ টাকা, বড় তেলাপিয়া ১৫০ টাকা, রুপচাঁদা ৬০০, পাঙ্গাশ ৯০ টাকা, বড় কই ২০০ থেকে ২২০ টাকা এবং ছোট কই ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/জেকে/২২১১ ঘ.
bdnews24