চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনা পদ্ধতি (সিটিএমএস) পরীক্ষামূলকভাবে ১০ অক্টোবর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বুধবার চট্টগ্রাম বন্দর সিবিএ আয়োজিত কর্মচারী সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, এর আগে বিজিএমইএ'র অনুরোধে সিটিএমএস (কন্টেইনার টার্মিনাল ম্যানেজম্যান্ট সিস্টেম) চালু কয়েকবার পেছানো হয়। তাদের সঙ্গে আলোচনা করেই তা করা হবে।
পরীক্ষামূলক চালুর পর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে তিনি জানান।
গত ১১ সেপ্টেম্বর থেকে বন্দরে সিটিএমএস পরীক্ষামূলকভাবে চালুর কথা থাকলেও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ'র দাবির পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ তা এক মাস পেছায়।
এর আগে গত ১৯ অগাস্ট এ পদ্ধতি পরীক্ষামূলক চালুর কথা ছিলো। ওই সময়ও বিজিএমইএ নেতাদের অনুরোধে তা পেছানো হয়েছিলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ অক্টোবর সিসিটি ও এনসিটি জেটিতে এবং ১২ অক্টোবর জেসিবি জেটিতে সিটিএমএস পরীক্ষামূলকভাবে চালু হবে।
শাজাহান খান বলেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) বেসরকারি অপারেটর নিয়োগে শিগগির দরপত্র আহ্বান করা হবে। এখন এর দাপ্তরিক কাজ চলছে।
বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) আয়োজিত সমাবেশে নৌমন্ত্রী বলেন, ১১ হাজার ৭৩ কোটি টাকা ব্যয়ে দেশের ৩৭ হাজার কিলোমিটার নৌপথ সচল করার কাজ চলছে।
এছাড়া চট্টগ্রাম বন্দরে শূন্য পদে নতুন জনবল নিয়োগের কাজ চলছে বলেও তিনি জানান।
বন্দর হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত শ্রমিক-কর্মচারীদের সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি মমতাজ উদ্দিন। বন্দর কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন হওয়ায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদার, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, বন্দর সিবিএ'র সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, ফখরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24