ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতায় এ শিল্পকে টিকিয়ে রাখতে ব্যাংক ঋণের সুদ ও আমদানি করা পণ্যের শুল্ক কমানো এবং কর অবকাশ সুবিধা (ট্যাক্স হলিডে) দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে জাহাজ তৈরির কারখানা (শিপইয়ার্ড) এলাকার উন্নয়ন এবং বিদেশি বিশেষজ্ঞদের প্রবেশাধিকারও নিশ্চিত করার কথা বলেছেন তারা।
পল্টনে মুক্তি ভবনে শনিবার 'বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক সেমিনারে আলোচকরা এ মত প্রকাশ করেন। পিটিবি নিউজ ডটকম ও টিকে শিপইয়ার্ড যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
পিটিবির প্রধান সম্পাদক আশীষ কুমার দে'র সঞ্চালনায় সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল।
মূল নিবন্ধে বলা হয়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মংলা বন্দর ও পটুয়াখালীতে জাহাজ নির্মাণ শিল্প অঞ্চলের উন্নয়নে এ শিল্পে বিদেশি বিশেষজ্ঞদের কাজ করার সুযোগ দিতে হবে।
এতে এ শিল্পের ব্যাংক ঋণের সুদ ১৫ শতাংশ থেকে ১০ শতাংশ করা, আমদানিকৃত কাঁচামালের শুল্ক প্রত্যাহার এবং ট্যাক্স হলিডের ব্যবস্থার সুপারিশ করা হয়।
"এসব বিষয় উদ্যোক্তাদের জন্য বড় সমস্যা। এগুলো সমাধানে সরকারকেই এগিয়ে আসতে হবে," বলা হয় নিবন্ধে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, বিশ্বে বর্তমানে জাহাজ ভাঙ্গা ও নির্মাণ শিল্পের বাজার প্রায় ১ হাজার ৬ বিলিয়ন ডলারের। এর মধ্যে প্রায় ৪০০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে ২০ থেকে ২৫ হাজার টনের জাহাজ নির্মাণের জন্য।
তিনি বলেন, জাপান, কোরিয়া, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বড় বড় জাহাজ নির্মাণকারী দেশগুলো বর্তমানে এত ছোট জাহাজ নির্মাণের আদেশে নেওয়ার অবস্থায় নেই। এক্ষেত্রে বাংলাদেশসহ বিকাশমান ছোট ছোট দেশগুলো এ সুযোগ নিতে পারে।
পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক বলেন, এ শিল্পের বিকাশ ও তদারকির জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তর কাজ করে। কিন্তু জনবল সঙ্কটসহ বিভিন্ন কারণে সংস্থাটি অত্যন্ত দুর্বল। প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা হলে তা এ শিল্পের বিকাশে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বুয়েটের নৌযান ও নৌ-নির্মাণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম বলেন, জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশে বড় সমস্যা হচ্ছে সরকার ও ব্যাংকগুলো। ব্যাংকগুলো জাহাজ আমদানির জন্য ঋণ দিতে রাজি হলেও জাহাজ নির্মাণে দিতে চান না। অথচ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করছে।
তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকে ২০০ কোটি টাকা অলস পড়ে রয়েছে। এটি কোনো কাজে আসছে না। ব্যাংকগুলোকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। যাতে তারা এ শিল্পের জন্য ঋণ সহায়তা বাড়াতে পারেন।
সেমিনারে আরো বক্তব্য দেন অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, আইনজীবী এনামুল হক মোল্লা, টিকে গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঞ্জুর হোসাইন ও শ্রমিক নেতা বাহরানে সুলতান বাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৪১ ঘ.
bdnews24