ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের বাজারে মজুতদারী হওয়ার বিষয়টি স্বীকার করে নিলেও 'খণ্ডকালীন ব্যবসায়ীদের' ওপর এর দায় চাপিয়েছেন চালকল মালিকরা।
সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চালের বাজার দর পর্যালোচনায় এক সভায় তারা এ অভিমত দেন।
সভায় চালের দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও মুজতের বিষয়টিতে মন্ত্রী ও চালকল মালিকরা একমত পোষণ করেন।
সভায় অন্যদের মধ্যে বাংলাদেশে অটো, মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির আহ্বায়ক কেএম লায়েক আলী, যুগ্ম-আহ্বায়ক শহিদুর রহমান পাটোয়ারি, চালকল মালিকদের নেতা শেরপুরের আব্দুর রশিদ, দিনাজপুরের মোসাদ্দেক আলী, খুলনার মোস্তফা কামাল, যশোরের আব্দুল কাদের মোল্লা, মৌলভীবাজারের আব্দুল আজিজ বক্তব্য রাখেন।
চালকল মালিকরা বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই চালের দাম কমে আসবে। কারণ তারা (ব্যবসায়ীরা) এখন চাল ছাড়তে শুরু করেছে।
খণ্ডকালীন অবৈধ মজুতদারদের তৎপরতা বন্ধে তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানের বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
চালের দাম বাড়ার জন্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে দায়ী করে চালকল মালিকরা বলেন, মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যসহ গণমাধ্যমে অসংযত সংবাদ প্রকাশ হওয়ায় বাজারে চালের দাম বেড়ে যায়। এতে কৃষক, উৎপাদনকারী ও মজুতদাররা আরো মুনাফার জন্য ধান ও চাল বিক্রি বন্ধ করে দেয়।
স্থানীয়ভাবে চালের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে অতিরিক্ত চাল আমদানি করে বাজারে ছাড়ারও তাগিদ দেন তারা।
চালকল মালিকরা ঢাকার সঙ্গে দেশের অন্য জেলার বাজারের মূল্যে পাঁচ থেকে ছয় টাকার পার্থক্যের দায়ও অস্বীকার করেন।
অবশ্য খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মজুতদারীর জন্য চালকল মালিকদের দোষারোপ করেন।
তিনি বলেন, "এজন্য অনেক চালকল মালিকও দায়ী। তারা অতিরিক্ত মুনাফার জন্য চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। এটা বন্ধ করতে হবে। চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের বেশি করে চাল বাজারে ছাড়তে হবে।"
মঙ্গলবার ঢাকার চাল ব্যবসায়ীদের সঙ্গে একই বিষয়ে বৈঠক করবেন খাদ্যমন্ত্রী।
মজুতদারী বন্ধে নতুন আইন প্রণয়নের কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, "মজুদদারী বন্ধে কঠোর আইন করা হচ্ছে। এটি স্বাভাবিকভাবে ব্যবহার করা হবে না। অস্বাভাবিক পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে এর প্রয়োগ করা হবে। যার প্রভাব বাজারে অবশ্যই পড়বে।"
দেশে চাল বা খাদ্যশস্য কেনাবেচার সঙ্গে জড়িত সব ব্যবসায়ীকেই লাইসেন্স প্রথার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বাজার নিয়ন্ত্রণ এবং চালের সরবরাহ বাড়াতে সরকারের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, "ন্যায্যমূল্যের কার্ডের (ফেয়ার প্রাইস কার্ড) মাধ্যমে ঢাকায় পাঁচ লাখসহ দেশের ১১ লাখ ১৮ হাজার মানুষকে স্বল্প মূল্যে মাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে।"
তিনি জানান, প্রতিটি ইউনিয়নে এক হাজার পরিবারকে আগামী তিন মাস ২০ কেজি করে চাল দেওয়া হবে। এদের তালিকা তৈরি হচ্ছে। ফেব্র"য়ারি মাসেই এসব পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া শুরু হবে।
"এতে দেশের প্রায় ৪০ লাখ মানুষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আসবে," বলেন রাজ্জাক।
সভায় চালের মজুদসহ আমদানি কার্যক্রমও তুলে ধরে মন্ত্রী বলেন, "মার্চ-এপ্রিলে চালের সংকট হওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ বর্তমানে দেশে প্রায় সাড়ে পাঁচ লাখ টন চালের মজুদ রয়েছে। সাড়ে তিন লাখ টন বর্তমানে আমদানির প্রক্রিয়ায় রয়েছে। আরো চার লাখ টন খাদ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।"
সভায় অন্যদের মধ্যে খাদ্যসচিব বরুণ দেব মিত্র ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৯৪১ ঘ.
bdnews24