ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতা তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ 'সরকারের আজ্ঞাবহ' বলে দাবি করেছে বিএনপি। দলটির মতে, তার নেতৃত্বে সুষ্ঠু তদন্ত হবে না।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "ইব্রাহিম খালেদ একজন আওয়ামী লীগপন্থী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি একজন ব্যাংকার। পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে তার কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা নেই বলে আমরা জানি। তার নেতৃত্বে সুষ্ঠু তদন্ত হবে না।"
ইব্রাহিম খালেদকে 'সরকারের আজ্ঞাবহ' অভিহিত করে একজন নির্দলীয় পেশাজীবীর নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি পুর্নগঠনের দাবি জানান তিনি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়।
টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে গত ২৫ জানুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়।
সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, "বর্তমান সংকটের ব্যাপকতা ও গভীরতার বিষয়টি বিবেচনায় রেখে পুঁজিবাজার, ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠিত সর্বোপরি দলীয় পক্ষপাতদুষ্ট নয়, এমন পেশাজীবীদের সমন্বয়ে এই তদন্ত কমিটি করা হোক।"
আনোয়ার দাবি করেন, পুঁজিবাজারের বর্তমান ঘটনার সঙ্গে ১৯৯৬ সালের পুঁজিবাজারের কেলেঙ্কারীর অভিযুক্তরাও জড়িতরা রয়েছে।
পুঁজিবাজারের সাম্প্রতিক ঘটনার পেছনে সরকারি দলের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত অভিযোগ করে তিনি বলেন, "সরকারি ঘরানার কিছু ব্যবসায়ী তাদের স্বজনদের দিয়ে প্রতারণার মাধ্যমে শেয়াবাজার লুট করতে পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতনের ঘটনা ঘটিয়েছে।"
তিনি বলেন, "গত বছরের ৫ ডিসেম্বর শেয়ার বাজারের মূলধন ছিলো ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ২০ জানুয়ারি অস্বাভাবিক দর পতনে ওই মূলধন হ্রাস পেয়ে ২ লাখ ৮৩ হাজার কোটি টাকায় নেমে আসে। অর্থাৎ ৮৫ হাজার কোটি টাকা বাজার থেকে লুট করা হয়েছে।''
এম কে আনোয়ার অভিযোগ করেন, বাণিজ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান 'কেপিসিএল' ও 'ওসিএল', 'যমুনা মবিল' 'এমআই সিমেন্ট প্রভৃতি কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত করে সরিয়ে নেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে আনোয়ার আরো বলেন, "সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সিদ্ধান্ত অমান্য করে সামিট পাওয়ার ও সামিট এলায়েন্স কোম্পানির ফেইস ভেল্যু পরিবর্তন করায় ওই দুইটি কোম্পানি শেয়ারের মূল্য অতিমাত্রায় বৃদ্ধি পায়।"
এক প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, "পুঁজিবাজারের এ ঘটনার সঙ্গে বিএনপি দলীয় ব্যবসায়ী জড়িত থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
তিনি বলেন, মালয়েশিয়া ভিত্তিক ইউনিপে-২ কোম্পানি পুঁজিবাজার থেকে 'মুনাফা প্রদান ও বিনিয়োগ দ্বিগুণ' করার স্বপ্ন দেখিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সরিয়ে নিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, আবদুল মান্নান ও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৩৭ ঘ.
bdnews24