২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বেড়েছে, স্বীকার বাণিজ্যমন্ত্রীর

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করে এর জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করে এর জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি শনিবার গোপালগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, "এ মুহূর্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা বেড়েছে। গত ৬ মাসে আন্তর্জাতিক বাজারে দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব আমাদের দেশে পড়েছে।" তবে প্রতিবেশী যে কোনো দেশের তুলনায় দেশে দ্রব্যমূল্য অনেক কম বলে দাবি করেন মন্ত্রী। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক মাসে মোটা চালের দাম প্রায় দেড় শতাংশ বেড়েছে। ১ বছরে বৃদ্ধির হার ৩৩ শতাংশ। আটার দাম এক মাসে ৩ এবং এক বছরে ৫০ শতাংশ বেড়েছে। সয়াবিন তেলের দাম এক মাসে বেড়েছে ৬ শতাংশ, বার্ষিক বৃদ্ধির হার ৩৭ শতাংশ। চিনির দাম এক মাসে বেড়েছে প্রায় ২ শতাংশ। দ্রব্যমূল্য সহনীয় করতে সরকারের চেষ্টা অব্যাহত হয়েছে জানিয়ে তিনি বলেন, "ইরি-বোরো ধান উঠলে চালসহ অনেক পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। ভোজ্য তেল, চিনি ডালসহ আমদানি নির্ভর পণ্যের দাম কমাতে সরকার উদ্যোগ নিয়েছে। এসব পণ্য প্রচুর পরিমাণে আমদানি করে মজুদ গড়ে মূল্য কমানো হবে।" বাজার পরিস্থিতি নিয়ে বিএনপি বক্তব্যের সমালোচনা করে ফারুক খান বলেন, "বিরোধী দল দ্রব্যমূল্য নিয়ে যেসব বক্তব্য দিচ্ছে, তা ঠিক নয়। তাদের এ বিষয়ে কথা বলার অধিকার নেই। চারদলীয় জোট সরকারের সময়ে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়া হয়েছিলো।" মুকসুদপুর উপজেলা সদরের এসজে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর কথা হয়। এর আগে তিনি মুকসুদপুর ডিগ্রি কলেজ মাঠে 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে গাভী হস্তান্তর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১০ ঘ.