ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনে কেনা-বেচার চাপে ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখা গেলো ঢাকার পুঁজিবাজারে। এ সময়ের মধ্যে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দাম।
লেনদেন শুরুর পাঁচ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বাড়লেও এর পরই পড়তে থাকে। দিন শেষে সূচক আগের দিনের চেয়ে ১০৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৮৫ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়ায়।
ব্রোকারেজ হাউজ কর্মকর্তারা জানিয়েছেন, সকালের দিকে বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির আগ্রহ না থাকলেও এক ঘণ্টা পর থেকেই তাদের মধ্যে বিক্রির প্রবণতা দেখা যায়।
সারাদিনে ১ হাজার ৩০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১১৫টির এবং বাকি ৩টির দাম অপরিবর্তিত ছিলো।
এর মধ্য দিয়ে টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শেষ করলো ঢাকার পুঁজিবাজার। বাজার বিশ্লেষকরা বলছেন, এটা মোটেও ভালো লক্ষণ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএল/এমআই/১৩৪০ ঘ.
bdnews24