চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দ ও বায়ু দূষণ এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া অটোমোবাইল সংযোজনের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার সকালে নাসিরাবাদ শিল্প এলাকায় 'উত্তরা অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স লিমিটেড' নামের ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৮ বছর ধরে পরিবেশ আইন অমান্য করে এবং পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটিতে গাড়ি সংযোজন করা হচ্ছে।
১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে কারখানাটি 'লাল' তালিকাভুক্ত উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটিতে পেইন্টিং, গাড়ি সংযোজন ও ওয়েল্ডিংয়ের সময় শব্দ এবং বায়ুদূষণ হয়।
কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে কারখানায় পরিবেশসম্মত ব্যবস্থা চালু করে পরিবেশ ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুনীর চৌধুরী।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত 'উত্তরা অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স লিমিটেড' নামের প্রতিষ্ঠানটি ভারত ও জাপান থেকে চেসিস ও যন্ত্রাংশ আমদানি করে বাস, ট্রাক ও সিএনজি অটো রিকশা সংযোজন করে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করে বাজারজাত করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/পিডি/১৪১১ ঘ.
bdnews24