ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। এ সিদ্ধান্ত সাময়িকভাবে নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, মূল্যসূচক ২২৫ পয়েন্ট বাড়লে বা কমলে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ডিএসইকে অনুসরণ করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এসইসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ডিএসইতে সাধারণ সূচকে সার্কিট ব্রেকার নির্ধারণ করা হয়েছে ২২৫ পয়েন্ট। সার্কিট ব্রেকার কার্যকর হলে সেদিনের জন্য লেনদেন স্থগিত হয়ে যাবে। এর পরবর্তী নির্দেশ এসইসি থেকে দেওয়া হবে। ডিএসইকে অনুসরণ করবে সিএসই।
তিনি বলেন, "গত কয়েকদিনের অবস্থা দেখে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত আলোচনা সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে এসইসির বাজার পর্যালোচনা কমিটির জরুরি বৈঠক দুপুর সোয়া ১২টার দিকে এসইসি কার্যালয়ে শুরু হয়। সংস্থার চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, এসইসির দুই সদস্য ও নির্বাহী পরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন আনোয়ারুল কবির ভূঁইয়া।
এর আগে সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় একটি বৈঠক হয়। এতে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুই ডেপুটি গভর্নর, এসইসি চেয়ারম্যান ও দুই সদস্য উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শেষ হয়।
বুধবার পুঁজিবাজারে নির্ধারিত সময় সকাল ১১টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর দুপুর ১টায় শুরু হয়। লেনদেন শুরু হওয়ার ১ মিনিটের মধ্যে সূচক ২৯ পয়েন্ট বেড়ে যায়।
এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে।"
পুঁজিবাজারে দরপতন ঠেকাতে মঙ্গলবার দিনের লেনদেন শেষ হওয়ার সোয়া এক ঘণ্টা আগেই দুপুর ১টা ৪০ মিনিটে ডিএসই ও সিএসইতে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/পিডি/১৪৪২ ঘ.
bdnews24