২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ফেরাতে এসইসির দুটি পদক্ষেপ

পুঁজি বাজারে আস্থা ফেরাতে শেয়ার ব্রোকারদের জামানতমুক্ত ক্রয়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশিন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজি বাজারে আস্থা ফেরাতে শেয়ার ব্রোকারদের জামানতমুক্ত ক্রয়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশিন (এসইসি)। একইসঙ্গে সব কম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। ব্যাপক দরপতনের মুখে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ করে দেওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্মকতাদের সঙ্গে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি এ সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় এসইসি কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকের পর সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "বাজারের স্বার্থে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে স্টক ব্রোকার বা ডিলারদের জন্য মেম্বার্স মার্জিনের ফ্রি লিমিট (জামানতমুক্ত ক্রয়সীমা) ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি করা হয়েছে। এই সুবিধা স্টক ব্রোকাররা শুধু শেয়ার কেনার ক্ষেত্রে পাবেন।" এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শেয়ার বাজারে টানা পঞ্চম দিনের মতো দর পতনের পর এসইসি এই জরুরি বৈঠক ডাকে। বুধবার সকালে আবার স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে বলে এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে। ক্লিয়ারিং হাউসের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ব্রোকারদের একটি নির্দিষ্ট অংকের অর্থ জামানত রাখতে হয়। তবে জামানতের বাধ্যবাধকতা শুরু হয় নির্ধারিত পরিমাণ অর্থের শেয়ার লেনদেনের পর। ওই সীমাকেই জামানতমুক্ত ক্রয়সীমা বলা হয়। গত বছর ২৫ নভেম্বর এসইসির এক আদেশে বলা হয়, ৫ কোটি টাকার জামানতমুক্ত সীমা পেরিয়ে গেলে আরো ১ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ২০ শতাংশের বদলে ৪০ শতাংশ হারে জামানত রাখতে হবে। আর ৮ কোটি টাকা পর্যন্ত বাড়তি লেনদেনের ক্ষেত্রে জামনতের পরিমাণ ৩০ শতাংশ থেকে বেড়ে হবে ৬০ শতাংশ। আর জামানতমুক্ত সীমার চেয়ে ৯ কোটি টাকা বেশি লেনদেন হলে জামানতের পরিমাণ ৫০ শতাংশ থেকে বেড়ে হবে ৮০ শতাংশ। সীমা পেরুনোর পর ৯ কোটি টাকার বেশি লেনদেনের ১০০ শতাংশ জামানত রাখার নিয়ম অপরিবর্তিত রাখে এসইসি। এরপর ২৮ নভেম্বর ডিএসই নেতারা বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে জামানতমুক্ত ক্রয় সীমা অপরিবর্তিত রাখার আহ্বান জানান। ফলে জামানত মুক্ত ক্রয় সীমা সমন্বয়ের জন্য এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় এসইসি। বাজার পরিস্থিতি মঙ্গলবার দিনের লেনদেন শেষ হওয়ার সোয়া এক ঘণ্টা আগেই দুপুর ১টা ৪০ মিনিটে ডিএসই ও সিএসইতে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় ডিএসই সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৪৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৭ হাজার ১৩৪ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছিল। এদিন লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৪টিরই দাম পড়ে যায়। অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা দুপুরে ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা এসইসি কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। সিএসইতেও এদিন সূচক নিুমুখী ছিল। লেনদেন বন্ধ ঘোষণার আগে সিএসসিএক্স সূচক ২৯৮ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৯ দশমিক ০২ পয়েন্টে ঠেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/জেকে/২০৪৩ ঘ.