ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের রেকর্ড দরপতনের ঘটনাকে 'পরিকল্পিত' অভিহিত করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এ দাবি জানান।
তিনি বলেন, "১৯৯৬ সালের মতোই এবারও শেয়ার বাজারে ধস নামার ঘটনাটি কালতালীয় নয়, পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে। উদ্দেশ্য একটাই- দরিদ্র মানুষের ক্ষুদ্র পুঁজির অর্থ হাতিয়ে নেওয়া। এই দরপতনের পর নিমেষেই ৩৩ লাখ মানুষের পুঁজি বাতাসে হারিয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।''
এজন্য সরকার এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দায়ী করেন তিনি।
মঈন খান দাবি করেন যে, পূঁঁজিবাজারে এ ধরনের বিশৃঙ্খলার পেছনে 'ইনসাইডার ট্রেডিং' জড়িত রয়েছে। অবিলম্বে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।
পূঁজিবাজারে সোমবার রেকর্ড দরপতনের কারণে বিনিয়োগকারীরা রাজধানীর মতিঝিল, ফার্মগেট ও মিরপুরে ব্যাপক বিক্ষোভ করে। পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর পরপর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ লেনদেন বন্ধ করে দেয়।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাবেক এই মন্ত্রী বলেন, রেকর্ড দরপতনে সর্বস্বান্ত হয়ে গেছেন দেশের ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। তারা আজ পথে বসে গেছেন। অর্থমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আগেভাগেই সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিলো বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো অভিযোগ করেন, শেয়ার বাজারের এই ঘটনার জন্য কয়েকটি সুনির্দিষ্ট 'গোষ্ঠী' ও বেসরকারি ব্যাংক জড়িত। গণমাধ্যমে এ ব্যাপারে খবর বেরিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, মালয়েশিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান 'ইউনিপে-২' মুনাফার লোভ দেখিয়ে পুঁজিবাজার থেকে ৪ শ' কোটি টাকা লুট করে নিয়েছে।
তিনি বলেন, "ক্ষুদ্র বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকা লুট করা হয়েছে। ওইসব অর্থ দেশের বাইরে যুক্তরাষ্ট্র না লণ্ডন চলে গেছে, তা আমরা জানি না। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।''
পরে ইউনিপে-২ এর একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের দেখানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক, দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৫ ঘ.
bdnews24