চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনে চট্টগ্রামে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) লেনদেন স্থগিত করার আধঘণ্টার মধ্যে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সিএসইর সামনে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার মূল সড়কে অবস্থান নেয়।
তারা স্টক অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ বিনিয়োগকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
বিক্ষোভকারীরা চট্টগ্রাম বিমানবন্দরের মূল সড়ক অবরোধ করে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডাবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিনিয়োগকারীরা ১২টা ১০ মিনিটের দিকে আাগ্রাবাদের মূল সড়ক অবরোধ করে। বিক্ষুদ্ধ বিনিয়োগকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন তারা।
বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল দুপুর সোয়া ১টার দিকে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক আব্দুল্লাহ মামুনের সঙ্গে সাক্ষাৎ করে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয়। আব্দুল্লাহ মামুন তাদের দাবি এসইসিকে জানানোর আশ্বাস দেন।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীরা পৃথকভাবে বিক্ষোভ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএম/আরএম/এজে/কেএমএস/১৫৫৬ ঘ.
bdnews24