ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়াবে না-বাড়াবে না বলেও বরাবরের মতোই আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়া যাবে।
ব্যক্তিশ্রেণীর করদাতাদের সুবিধায় বিশেষ বিবেচনায় সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।
৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছিলো রিটার্ন জমা দেওয়ার শেষ সময়। আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তিশ্রেণীর করদাতারা আয়কর বিবরণী জমা দিতে পারেন।
তবে প্রতিবছরই সেপ্টেম্বর মাসের একেবারে শেষ সময়ে ওই সময়সীমা বাড়ানো হয়। গতবছরও এক মাস সময় বাড়ানো হয়েছিলো।
ব্যবসায়ীরা দাবি তুললেও আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আর বাড়বে না বলে এর আগে জানিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
সময় বাড়ানো হবে কি না জানতে চাওয়া হলে- বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়কর মেলায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আমরা তো আগেই বলেছি ৩০ সেপ্টেম্বর মানে ৩০ সেপ্টেম্বর। আইনেই আছে রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ সেপ্টেম্বর। তাই সময় বাড়ানোর এখতিয়ার এনবিআরের নেই।"
"তবে সরকার চাইলে সময় বাড়াতে পারেন। অর্থমন্ত্রী বিদেশে রয়েছেন। প্রধানমন্ত্রী সময় বাড়িয়ে দিতে পারেন", যোগ করেন তিনি।
এর আগেও সময় বাড়ানোর বিষয়টি নাকচ করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "৩০ সেপ্টেম্বর মানে ৩০ সেপ্টেম্বর।"
গত ১৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়কর দিবসের অনুষ্ঠানে বলেন, "আমি ঘোষণা দিতে চাই- চিরদিনের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।"
তবে রমজান ও ঈদুল ফিতরের ছুটির কারণ দেখিয়ে বিবরণী জমার সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এছাড়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও সময় বাড়ানোর দাবি জানায়।
এদিকে পূর্ব ঘোষিত সময়সীমা অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বিপুল সংখ্যক করদাতা কর কার্যালয়গুলোতে ভিড় জমায়।
এনবিআরের নিয়ম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেউ কর দিতে না চাইলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই উপযুক্ত কারণসহ আবেদন করে সময় বাড়িয়ে নিতে হবে।
এনবিআর কর্মকর্তারা জানান, গত অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার রিটার্ন জমা পড়েছিলো। আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। চলতি অর্থবছরে ২১ হাজার ৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
চলতি অর্থবছরে করদাতার সংখ্যা ১০ লাখের কাছাকাছি হবে হবে বলে এনবিআর কর্মকর্তারা আশা করছেন।
রাজস্ব বোর্ডের হিসাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৩ লাখ ১১ হাজার রিটার্ন জমা পড়েছে। গত অর্থবছরে একই দিন পর্যন্ত পড়েছিল ১ লাখ ২২ হাজার।
২৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জমা পড়েছে ১৩ হাজার ১৮০টি।
এদিকে ঢাকা ও চট্টগ্রামে প্রথমবারের মতো আয়কর মেলাও সফল হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। পরবর্তী সময়ে প্রতিটি বিভাগীয় শহরেই এ মেলা অনুষ্ঠানের পরিকল্পনার কথাও জানান তিনি।
৫ দিনের এ মেলায় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত দুটি মহানগরীতে ৫৫ হাজার ৫০৭টি রিটার্ন জমা পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/২১৫৩ ঘ.
bdnews24