চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিরাপদ পরিবেশে আমদানি করা পরিত্যক্ত জাহাজ কাটার অপরাধে চট্টগ্রামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার পরিবেশ অধিপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী সীতাকুণ্ডের সোনাইছড়িতে মেসার্স সুলতানা শিপ ব্রেকিং ইয়ার্ড নামের পরিত্যক্ত জাহাজ ভাঙ্গা প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।
পরিবেশ দূষণ বা অনিরাপদ পরিবেশে জাহাজ কাটার দায়ে এই প্রথম কোনো শিপ ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা করা হলো।
গত ১২ জুলাই সোনাইছড়ি বেড়িবাঁধের পশ্চিমে এই ইয়ার্ডে ২৬ বছরের পুরনো অয়েল ট্যাংকার 'এমটি শিখন' কাটার সময় এক শ্রমিক নিহত ও চারজন আহত হয়।
কারখানাটির মালিক আদনানুল ইসলাম।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ হাজার ২৫০ টন ওজনের অয়েল ট্যাংকারটি কাটার সময় ইয়ার্ডের পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া মালিকপক্ষ দুর্ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধারেও তেমন কোনো তৎপরতা দেখায়নি।
তিনি বলেন, "পরিত্যক্ত জাহাজটি পেট্রোলিয়াম পদার্থমুক্ত ছিল না এবং মানুষের প্রবেশের জন্য ঝুঁিকমুক্ত ছিল না বলে বিস্ফোরক অধিদপ্তর থেকে উল্লেখ করা হয়েছিল। কিন্তু এরপরও ইয়ার্ড মালিক জাহাজটি ঝুঁকিমুক্ত না করে শ্রমিক দিয়ে তা কাটার উদ্যোগ নেয়। এ কারণেই দুর্ঘটনা ঘটে।"
দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং জাহাজ কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না করে শ্রমিকদের জীবন বিপন্ন করার দায়ে ইয়ার্ড মালিককে জরিমানা করা হয়েছে বলে জানান মুনীর চৌধুরী।
ইয়ার্ড মালিককে অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণসহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত ১২ কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়ে ৮৭ টি শিপ ব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তাহীন পরিবেশে জাহাজ ভাঙ্গার কাজ করছে প্রায় ৩০ হাজার শ্রমিক-কর্মচারি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ফৌজদারহাট থেকে কুমিরা উপকূলীয় এলাকায় ১৯৮২ থেকে এ পর্যন্ত ১১৯ টি শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপন করা হয়েছে। এর মধ্যে এ বছর ৮৭ টি প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়ন করেছে।
গত ২০ বছরে সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডগুলোয় অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে গিয়ে চারশ'র বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় হাজারেরও বেশি শ্রমিক।
এই শিল্পে কর্মরতদের বেশিরভাগই উত্তরবঙ্গের মঙ্গাপিড়ীত এলাকা থেকে আসা। সীতাকুণ্ড ও সন্দ্বীপসহ চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকার লোকজনও এখানে কাজ করছে।
ইয়ার্ডে কাজ করতে গিয়ে আহত বা নিহত শ্রমিকদের কেউই ক্ষতিপূরণ পায় না বলেও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসএএ/২০০৫ ঘ.
bdnews24