ঢাকা, ০৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা)-এর জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ থাকলেও তা করতে পারেনি বলে মন্তব্য করেছেন অধ্যাপক রেহমান সোবহান।
শনিবার সাফমা'র দশ বছর পূর্তি উপলক্ষে 'মিডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার কোপারেশন' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাফমা'র কেন্দ্রীয় সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাফমা বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, দক্ষিণ এশিয়ান মিডিয়া কমিশনের সভাপতি ড. মিজানুর রহমান শেলী, মিডিয়া অ্যান্ড উইমেন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদা আহমেদ, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, নিউএইজ সম্পাদক নূরুল কবীর প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
রেহমান সোবহান বলেন, "সাফমা দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারতো। কিন্তু সুযোগ থাকলেও সাফমা তা করতে পারেনি। গত দশ বছরে এর কার্যক্রমের ওপর নম্বর দিতে হলে আমি সি মাইনাস দিব।"
তিনি বলেন, "আগামী দশ বছরে সাফমা আঞ্চলিক এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন বিষয়ে কাজ করতে পারে। তাহলে সাফমার কার্যকর ভূমিকা দৃশ্যমান হতে পারে।"
ভারত ও পাকিস্তানের কোনো পত্রিকার নিজস্ব প্রতিনিধি বাংলাদেশে নেই উল্লেখ করে রেহমান সোবহান বলেন, "এসব দেশের নিজস্ব প্রতিনিধি বাংলাদেশে না থাকায় অনেক সময় কোনো কোনো ঘটনার প্রকৃত চিত্র উঠে আসে না। অন্য সোর্সের ওপর নির্ভর করার কারণে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে।"
নূরুল কবীর বলেন, "আমি একজন সাংবাদিক, প্রতিনিয়ত তথ্যের সঙ্গে আমার বসবাস। কিন্তু সাফমা কি ধরনের কাজ করছে সেটা দৃশ্যমান নয়। গত দশ বছরে তাদের দুটি আলোচনা সভা ছাড়া অন্য কিছু করতে দেখিনি।"
জাতীয় ইস্যুর উর্ধ্বে উঠে সাফমা আঞ্চলিক অনেক ইস্যুতে কাজ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৪৪২ ঘ.
bdnews24