২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত ঘণ্টা পর আমদানি-রপ্তানি আবার চালু

প্রায় সাত ঘণ্টা পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 12:44 PM

বেনাপোল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় সাত ঘণ্টা পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে। ভারতে আটক বাংলাদেশি ট্রাক চালককে মুক্তি দেওয়ার আশ্বাসে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এরপর বিকাল ৪টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে বন্দর কর্মকর্তারা। সকাল ৯টা থেকে শ্রমিকরা বেনাপোল বন্দরের সড়ক অবরোধ করে রাখায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক বকুল মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে পেট্রাপোল বন্দরে দু'দেশের কাস্টমসের প্রতিনিধিদের মধ্যে প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়। আলোচনায় আটক বাংলাদেশি ট্রাকচালক কাউসারকে রোববারের মধ্যে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে ভারতীয় প্রতিনিধিরা আশ্বাস দেন। আইনি জটিলতার কারণে তারা রোববার পর্যন্ত সময় চেয়েছেন। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আজিজুর রহমান, সহকারী কমিশনার মুশফিকুর রহমান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন ও জামাল হোসেন ও দপ্তর সম্পাদক বকুল মাহবুব। ভারতের প্রতিনিধিদের মধ্যে ছিলেন- পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং স্টেশনের সহকারী কমিশনার জি কে নায়েক, সিএন্ডএফ স্টাফ ওেেয়লফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ও সদস্য বাবলা ঘোষ। বেনাপোল স্থলবন্দর চেকপোষ্টের কাস্টম কার্গো শাখার সুপারিনটেনডেন্ট তৌহিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ জুন রুবেল নামে বাংলাদেশি এক ট্রাকচালক টাটা কোম্পানির দাপ্তরিক মালামাল বোঝাই ট্রাক নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। সেখানে সিএন্ডএফ এজেন্ট পণ্য ছাড় করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো কাস্টমস কার্যালয়ে দাখিল করতে পারেনি। এতে ওইসব পণ্য নিয়ে ভারতীয় ট্রাক ট্রার্মিনালে আটকে পড়েন রুবেল। ১৯ জুন কলকাতা কাস্টমস কার্যালয়ের একটি দল রুবেলকে পেট্রাপোল বন্দর এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার বন্দরের সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে তিন ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ থাকে। পরে পেট্রাপোল বন্দরে দু'দেশের কাস্টমস ও পরিবহন শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। সে সময় রুবেলকে বুধবারের মধ্যে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। কিন্তু রুবেল মুক্তি না পাওয়ায় বৃহস্পতিবার সকালে আবারো সড়ক অবরোধ করে বাংলাদেশের ট্রাক শ্রমিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/এমএসবি/১৭২৫ ঘ.