ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জকে তিনটি অঞ্চলে ভাগ করে স্থানীয় সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সাংসদদের নেতৃত্বে গঠিত কমিটি মালিক, শ্রমিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে বুধবার থেকেই গার্মেন্টস কারখানা সচল করার ব্যবস্থা নেবেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মঙ্গলবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক শেষে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রীর কার্যালয়ে দীর্ঘ প্রায় দুই ঘন্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সচিব নূরুল হক, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম, গার্মেন্টস মালিকদের নেতা সাংসদ টিপু মুন্সী, গাজীপুরের সাংসদ আকম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্থিরতার শিকার গার্মেন্টস শিল্প এলাকাগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে- ঢাকার আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জ।
ঢাকা অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে সাভারের সাংসদ তৌহিদ জং মুরাদকে, গাজীপুরে দায়িত্ব সাংসদ আকম মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেল এবং নারায়ণগঞ্জের দায়িত্ব দেওয়া হয় সারাহ বেগম কবরীকে। সাংসদ রাসেল গাজীপুরের কমিটিতে কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রী জানান, বৈঠকে তৈরি পোশাক শিল্পে অস্থিরতার কারণগুলো চিহ্নিত করে সমাধানের উপায় এবং কারখানাগুলোর নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কারখানায় নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় মালিক, শ্রমিক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে কমিটিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
খন্দকার মোশাররফ বলেন, কমিটি আজ (মঙ্গলবার) থেকেই কাজ শুরু করবে। বুধবার থেকেই সব বন্ধ কারখানায় কাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে স্থানীয় সবাই কমিটিকে সহায়তা করবে।
তিনি মালিক-শ্রমিকদের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের মজুরি বাড়াতে একটি মজুরি বোর্ড ইতোমধ্যেই কাজ করছে। আগামী মাসের শেষ নাগাদ এ কাজ সম্পন্ন হবে। সেই সময় পর্যন্ত সকলকেই শান্ত থাকতে হবে। আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড সরকার বরদাস্ত করবে না।
শ্রম ন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভায় নিবন্ধনবিহীন সংগঠনের নামে ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটি সরকার কোনোভাবেই করতে দেবে না। শুধুমাত্র ট্রেড ইউনিয়নের নিবন্ধন পাওয়া সংগঠনই এ কার্যক্রম চালাতে পারবে। এনজিও নিবন্ধনে এ ধরনের কার্যক্রম চালানো বন্ধ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯২১ ঘ.
bdnews24